আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি মেসির জাতীয় দলীয় জার্সিতে সম্ভাব্য বিদায়ী খেলা হিসেবে দেখা হচ্ছে। তার আগে বুধবার কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তে।

বলিভিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “এই ম্যাচগুলোর জন্য ১০ নম্বর জার্সি কাউকে দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। লিওর বিদায়ী ম্যাচ পর্যন্ত আমরা এটি কাউকে দেব না। পরে অবশ্য কেউ না কেউ পরবে, কারণ এই জার্সি পরার বিষয়টা বিশেষ। কিন্তু কে পরবে, সেটা এখনো ঠিক করিনি।”

মেসির শূন্যস্থান পূরণের চ্যালেঞ্জ স্বীকার করে তিনি জানান, দল ভিন্নভাবে খেলার পথ খুঁজবে। “আমরা ভিন্নভাবে খেলার পথ খুঁজে নেব। এই ম্যাচগুলো পরীক্ষার জন্যই। মূল ধরন থাকবে বল নিয়ন্ত্রণ করা। পরিস্থিতি অনুযায়ী কীভাবে মানিয়ে নিই, সেটাই দেখার বিষয়।”

বলিভিয়ার বিপক্ষে আক্রমণভাগে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজকে একসঙ্গে মাঠে নামানোর সম্ভাবনা রয়েছে। আগে স্কালোনি এই দুই ফরোয়ার্ডকে একসঙ্গে খেলাতে তেমন আগ্রহী ছিলেন না। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারার ম্যাচের বেশিরভাগ খেলোয়াড়ই একাদশে থাকতে পারেন। ডানপাশে আগুস্তিন গিয়াইয়ের শুরুর সম্ভাবনা আছে। লাল কার্ডের কারণে নিষিদ্ধ এনজো ফার্নান্দেজের জায়গায় এক্সেকিয়েল পালাসিওস খেলতে পারেন। মাঝমাঠে ভ্যালেন্তিন বারকোর সুযোগ থাকতে পারে। মেসির অনুপস্থিতিতে সৃজনশীলতার দায়িত্ব পেতে পারেন ইতালির কোমোর নিকোলাস পাজ।

এদিকে স্কালোনির চুক্তি নবায়নের সম্ভাবনাও তৈরি হয়েছে। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর। বিশ্বকাপ ফাইনালের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। সম্ভাব্য নতুন চুক্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত হতে পারে।

নিজের অবস্থানের বিষয়ে স্কালোনি বলেন, “আমরা সবসময় প্রতিদ্বন্দ্বিতা করব; এ ব্যাপারে আমি নিশ্চিত। এ কারণেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। নতুন প্রতিভা উঠে আসছে, তাদের মধ্যে জাতীয় দলে খেলার ক্ষুধাও আছে। এই আন্তর্জাতিক উইন্ডোতে একজন খেলোয়াড়ও ডাক প্রত্যাখ্যান করেনি, যা দারুণ লক্ষণ। আমরা যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব এবং উচ্চ পর্যায়ে পারফর্ম করব, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।”

এস