সোমবার (২৮ সেপ্টেম্বর) ম্যাচের প্রথম ৪৫ মিনিটে সিঙ্গাপুরের দখলেই ছিল আক্রমণের বড় অংশ। বাংলাদেশের গোলমুখে তারা পাঁচটি শট নেয়, যার চারটি ছিল লক্ষ্যে। এর মধ্যে একটিতে গোল পায় স্বাগতিকরা।

ম্যাচের শুরুতে অবশ্য বাংলাদেশকে বেশ গোছানো দেখিয়েছে। প্রথম ১৫ মিনিটে সুকি ও রাকিবের নেতৃত্বে কয়েকবার আক্রমণে ওঠে দলটি। তবে প্রতিপক্ষের ডি-বক্সের কাছাকাছি গিয়ে আক্রমণগুলো কার্যকরভাবে শেষ করতে পারেনি বাংলাদেশ। পুরো প্রথমার্ধে লক্ষ্যে কোনো শট নিতে পারেনি তারা।

অন্যদিকে ম্যাচের শুরুতে কিছুটা ধীরগতিতে খেললেও সময় গড়ানোর সঙ্গে আক্রমণের গতি বাড়ায় সিঙ্গাপুর। এরই ধারাবাহিকতায় ৩৬তম মিনিটে গোলের দেখা পায় তারা।

বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে আব্দুল্লাহ নুরের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে শট নেন স্টেয়ার্ট। তার নেওয়া শট বাংলাদেশের জালে জড়িয়ে যায়। গোলের সময় বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ বলটি ঠেকাতে পারেননি।

মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে চারটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি।

শুরুর একাদশে ফিরেছেন জামাল ভূঁইয়া, জিদান ইউসুফ, সুকি ও মোরসালিন। তাদের জায়গা করে দিতে একাদশের বাইরে রাখা হয়েছে সোহেল রানা, ফারহান আলি ওয়াহিদ, শাকিল আহাদ তপু ও ফাহমিদুল ইসলামকে।

মালয়েশিয়ার বিপক্ষে হারের পর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। তবে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে তারা।

এস