বৃহস্পতিবার বিপিএল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘এ বছর বিপিএল হচ্ছে না। আমরা একটা ফর্মুলা নিয়ে কাজ করছি।’
বিসিবির হিসাব অনুযায়ী, গত দুই বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে লাভের বদলে ধারাবাহিক লোকসান মেনে নেওয়া উচিত নয় বলে মনে করেন তামিম।
তিনি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ করার কথা, লোকসান করার কথা নয়। যতক্ষণ পর্যন্ত আমরা এই সমস্যাগুলো ঠিক করতে পারছি না, ততক্ষণ লোকসান করে টুর্নামেন্ট আয়োজন করা গুরুত্বপূর্ণ নয়।’
তবে বিপিএল বন্ধ হয়ে যাচ্ছে না বলে স্পষ্ট করেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমাদের এটা করার শতভাগ ইচ্ছা আছে। কিন্তু আমি তাড়াহুড়ো করতে চাই না। আমি সবকিছু সঠিকভাবে করতে চাই। এতে যদি ছয় মাস বা ১২ মাস সময়ও লাগে, আমি সেটা নেব।’
ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বিসিবি। বকেয়া, ব্যাংক গ্যারান্টিসহ বিভিন্ন জটিলতা ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে ফ্র্যাঞ্চাইজি প্রক্রিয়া শেষ করতে চায় বোর্ড।
তামিম বলেন, ‘আমি চাইলে কালকেই পাঁচটা দল দাঁড় করিয়ে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সুষ্ঠু ক্রিকেট এবং বিসিবির মর্যাদা বজায় রাখা।’
এস