বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিটটি গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দেন।
আদালতের এ আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৭ জুন বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
মামলার তথ্য অনুযায়ী, গত ৬ মে সাধারণ পরিষদ গঠন ও ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতিদের (জেলা প্রশাসক) কাছে কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠায় বিসিবি। ওই চিঠি প্রত্যাহার এবং নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে ১৮ মে হাইকোর্টে রিট দায়ের করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন।
রিটকারীদের মধ্যে আরও ছিলেন মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ এবং মো. রাকিবুল ইসলাম।
তবে শুনানি শেষে আদালত রিটটি খারিজ করে দিলে বিসিবি নির্বাচনের সব ধরনের আইনি অনিশ্চয়তার অবসান ঘটে। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এস