টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হারের পরে টেস্ট সিরিজের শুরুতেও বিপাকে শ্রীলঙ্কা। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনেই ১৬৯ রানে অলআউট হয়েছে সফরকারীরা। জেসন হোল্ডার শিকার করেন ৫টি উইকেট। লঙ্কানদের পক্ষে একাই লড়াই করেন লাহিরু থিরিমান্নে।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানান ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। দলীয় ১৭ রানে লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নেকে (১২) শিকার করে ক্যারিবিয়ানদের প্রথম উদযাপনের উপলক্ষ এনে দেন রাহকীম কর্নওয়াল। তারপর থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে লঙ্কানরা।
ওসাদা ফার্নান্দো (৪), দীনেশ চান্দিমাল (৪), ধনঞ্জয়া ডি সিলভা (১৩), পাথুম নিশাঙ্কার (৬) উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে শ্রীলঙ্কা। ৯২ রানেই তাদের নেই ৫টি উইকেট। ষষ্ঠ উইকেটে এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন থিরিমান্নে ও নিরোশান ডিকভেলা। তারা গড়েন ৫৮ রানের জুটি। ডিকভেলাকে শিকার করে লঙ্কানদের আশার প্রদীপ নিভিয়ে দেন জেসন হোল্ডার।
৭০ রান করা থিরিমান্নেকে বোল্ড করেন হোল্ডার। সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখতে দেখতে ১৮০ বলের ধৈর্যশীল ইনিংস খেলেন থিরিমান্নে। ১৬০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। ১৬৯ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২৭ রানের বিনিময়ে ৫টি উইকেট শিকার করেন সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। অভিজ্ঞ পেসার কেমার রোচ নিয়েছেন ৩টি উইকেট।
জবাবে প্রথম দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৩ রান। ক্রিজে অপরাজিত আছেন ব্রাথওয়েট (৩) ও জন ক্যাম্পবেল (৭)।বিডিক্রিকটাইম
সংক্ষিপ্ত স্কোর
টস: ওয়েস্ট ইন্ডিজ
শ্রীলঙ্কা ১৬৯/১০ (প্রথম ইনিংস)
থিরিমান্নে ৭০, ডিকভেলা ৩২;
হোল্ডার ৫/২৭, রোচ ৩/৪৩।
ওয়েস্ট ইন্ডিজ ১৩/০ (১৩ ওভার)
ক্যাম্পবেল ৭*, ব্রাথওয়েট ৪*;
শ্রীলঙ্কা ১৫৬ রানে এগিয়ে।
এমবি





