দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি, তাতে কোনো সন্দেহ নেই। পরিসংখ্যান বলছে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটসম্যান তিনিই। বাকি দুই ফরম্যাটের মত এখানেও তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক। এবার নতুন আরেক কীর্তি গড়েছেন তামিম ইকবাল।
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে অর্ধশতকের অর্ধশতক করেছেন। অর্থাৎ, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন তামিমের অর্ধশতকের (৫০ থেকে ৯৯ রানের মধ্যে ইনিংস) সংখ্যা পঞ্চাশটি।
মঙ্গলবার (২৩ মার্চ) নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অল্পের জন্য শতকের দেখা পাননি তামিম। তবে শতক হয়ে গেলে এই রেকর্ড করা হত না। শুরুতেই লিটন দাসকে হারানোর পর ব্যাটিং অর্ডারকে আগলে রেখেছেন ৩০ ওভার পর্যন্ত। জিমি নিশামের পায়ের জাদুতে সাজঘরে ফিরেছেন ১০৮ বলে ৭৮ রান করে।
এর আগে ৪৯টি অর্ধশতক করা তামিম এই ইনিংসসহ মোট ৬৩টি বার ওয়ানডেতে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছেন। সেদিক থেকে বিশ্ব ক্রিকেটে তার অবস্থান ২৯তম। শুধু অর্ধশতকের হিসেব করলে, অর্থাৎ শতক বাদ দিলে তামিমের আগে অর্ধশতকের অর্ধশতক করেছেন ৫১ জন ক্রিকেটার। ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের পর এবার সেই অভিজাত তালিকায় শোভা পাচ্ছে বাংলাদেশের কারও নাম।
বাংলাদেশিদের মধ্যে অর্ধশতকের অর্ধশতকের পথে আছেন সাকিব আল হাসান, ৪৮টি। একনজরে দেখে নিন ওয়ানডের অর্ধশতকের দিক থেকে বাংলাদেশের শীর্ষ ৫ জন ক্রিকেটারের তালিকা।বিডিক্রিকটাইম
১. তামিম ইকবাল- ৫০টি
২. সাকিব আল হাসান- ৪৮টি
৩. মুশফিকুর রহিম- ৩৯টি
৪. মাহমুদউল্লাহ রিয়াদ- ২২টি
৫. মোহাম্মদ আশরাফুল- ২০টি
এমবি





