দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ ‘এ’ দল। ৪৮১ বলের ম্যারাথন ইনিংসে তামিম ইকবালের ৩৩৪ রানের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন হৃদয়।
এত দিন প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল তামিমের। ২০১৯ সালের বাংলাদেশ ক্রিকেট লিগে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে মিরপুরে ৩৩৪ রানে অপরাজিত ছিলেন সাবেক অধিনায়ক। এবার সেই রেকর্ড ১৬ রান পেছনে ফেললেন হৃদয়।
ম্যাচের শেষ দিনে ২২৫ রান নিয়ে ব্যাট করতে নামেন হৃদয়। একপ্রান্তে দ্রুত উইকেট পড়লেও তাঁকে সঙ্গ দেন রেজাউর রহমান রাজা। দুজনের দৃঢ়তায় ইনিংসকে আরও বড় করেন হৃদয়। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৬৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’ দল। হৃদয় ৩৫০ ও রেজাউর ৩১ রানে অপরাজিত থাকেন।
প্রথম শ্রেণিতে বাংলাদেশি ব্যাটসম্যানদের সর্বোচ্চ
১। তাওহিদ হৃদয় - ৩৫০* (২০২৫/২৬)
২। তামিম ইকবাল - ৩৩৪* (২০১৯/২০)
৩। রকিবুল হাসান - ৩১৩* (২০০৬/০৭)
৪। নাসির হোসেন - ২৯৫ (২০১৭/১৮)
৫। মার্শাল আইয়্যুব - ২৮৯ (২০১২/১৩)
এমএম