নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে শুরুতেই চাপে পড়ে ব্রাজিল। ২১তম মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। তবে ১১ মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে সমতায় ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয় আমাদের শুরুটা ভালো হয়নি। দল কিছুটা উদ্বিগ্ন ছিল। ফলে আমরা সহজে বল হারিয়েছি এবং অনেক ব্যক্তিগত লড়াইয়েও পিছিয়ে ছিলাম। প্রথমার্ধ মোটেই ভালো হয়নি, যদিও দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি করতে পেরেছি। মরক্কো খুবই শক্তিশালী দল, তাই ম্যাচটাও কঠিন ছিল।’
ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হিসেবে বিশ্বকাপে অভিষেক হওয়া আনচেলত্তি মনে করেন, ম্যাচের শুরুতেই চাপ কাটিয়ে উঠতে পারলে ফল ভিন্ন হতে পারত। তিনি বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে কিছুটা দুশ্চিন্তা ছিল। আমরা যদি শুরুতেই সেই চাপ ঝেড়ে ফেলতে পারতাম, তাহলে আরও বিপজ্জনক হয়ে উঠতে পারতাম এবং ম্যাচের নিয়ন্ত্রণও বেশি সময় ধরে রাখতে পারতাম।’
তবে সমালোচনার পাশাপাশি বাস্তবতাও মেনে নিয়েছেন ইতালিয়ান এই কোচ। তার মতে, বিশ্বকাপের প্রথম ম্যাচে এমন পরিস্থিতি অস্বাভাবিক নয়।।‘আমিও কিছুটা উদ্বিগ্ন ছিলাম। আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়েছি, দলকে অনেক সময় ভারসাম্যহীনও মনে হয়েছে। প্রথমার্ধে অনেক ভুল করেছি। এসব জায়গায় উন্নতি করতে হবে। তবে আমাদের আত্মবিশ্বাস হারানো চলবে না। বিশ্বকাপের প্রথম ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে। প্রথম ম্যাচ জিতলেই বিশ্বকাপ জেতা যায় না।’- যোগ করেন আনচেলত্তি।
যদিও ফলাফলে পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। ব্রাজিল কোচের ভাষায়, ‘অবশ্যই আমাদের উন্নতি করতে হবে। মরক্কো পুরো ম্যাচজুড়ে সংগঠিত ছিল এবং আমাদের জন্য কাজটা কঠিন করে তুলেছে। স্কোয়াডের গভীরতা কাজে লাগিয়ে সমস্যাগুলো সমাধান করতে হবে।’
আগামী ২০ জুন হাইতির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচের আগে দলকে আরও ভারসাম্যপূর্ণ ও আক্রমণাত্মক করে তুলতে কাজ করবেন বলে জানিয়েছেন আনচেলত্তি।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘প্রস্তুতি ম্যাচগুলোতে যেসব বিষয় ভালো কাজ করেছিল, সেগুলো প্রথমার্ধে দেখা যায়নি। আমাকে দলকে আরও ভারসাম্যপূর্ণ করতে হবে এবং সামনের সারিকে আরও কার্যকর করে তুলতে হবে। লক্ষ্য শুধু গ্রুপ পর্ব পার হওয়া নয়, টুর্নামেন্টের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হয়ে ওঠা।’
এদিকে ব্রাজিলের হয়ে একমাত্র গোল করা ভিনিসিয়ুস জুনিয়রের প্রশংসাও করেছেন কোচ। দীর্ঘদিনের শিষ্য সম্পর্কে আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়ুস দুর্দান্ত খেলেছে। সে পুরো ম্যাচে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর ছিল। তার মধ্যে বড় মঞ্চে সফল হওয়ার সব গুণ রয়েছে। আমার বিশ্বাস, তার সামনে দারুণ একটি বিশ্বকাপ অপেক্ষা করছে।’
এনএইচ