ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে নেই বাংলাদেশি ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকায় এবার শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার ডাক পেলেন টাইগার বাঁহাতি এই ব্যাটার। টুর্নামেন্টের মাঝপথে তাকে বদলি হিসেবে দলে নিয়েছে জাফফানা কিংস ফ্রাঞ্চাইজি।
এলপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ছয় ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে জাফফানা কিংস। এমন সময়ে টম কোহলের কাডমোরের বদলি হিসেবে বাকি ম্যাচগুলোর জন্য নেয়া হয়েছে তাকে। ১৮ ডিসেম্বর গল গ্ল্যাডিয়েটরসের মুখোমুখি হবে জাফফানা কিংস। ওই ম্যাচ থেকে দলটির হয়ে মাঠে নামবেন আফিফ।
বর্তমানে বাংলাদেশ দলের নিয়মিত মুখ আফিফের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) ঘরোয়া ক্রিকেটেও নিয়মিতই পারফর্মার তিনি। দিনে দিনে সাদা বলের ক্রিকেটে নিজেকে শানিত করে এখন দেশসেরা ব্যাটারদের একজন আফিফ।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে অভিষেকেই সবচেয়ে কম বয়সী পাঁচ উইকেট পাওয়া ক্রিকেটার আফিফ। ২০১৬ সালের বিপিএলে ১৭ বছর ৭২দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। সেবার রাজশাহী কিংসের হয়ে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি।
এবিএস





