আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলবে সফরকারীরা। এই সফরে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে অনেক আগেই ছুটি চেয়েছেন মুশফিক। সফরে না গিয়ে ওই সময়ে হজ করবেন অভিজ্ঞ এই ব্যাটার। খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।  

বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজ শেষ হওয়ার কিছুদিন পর ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেবে বাংলাদেশ দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্ট সিরিজটি হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে।

আগামী ১৬ জুন থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত হওয়ার কথা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার লড়াই।

ওয়েস্ট ইন্ডিজ সফরে শুধু মুশফিকই নয়, নিয়মিত আরো কয়েকজনকে পাচ্ছে না বাংলাদেশ। অবশ্য তাঁদের না পাওয়ার কারণ চোট সমস্যা। চোটের কারণে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসানদের পাচ্ছে না বাংলাদেশ।

এমআর