শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে সাকিবের স্ত্রী শিশিরকে টিজ করে ধোলাই খেয়েছে ৭ জনের মতো বখাটে।
গ্যালারি থেকে ধরে নিয়ে গিয়ে তাদের উত্তম- মাধ্যম দিয়েছেন বিসিবি‘র কর্মকর্তারা। আর স্ত্রীর অপমানে বসে থাকেন নি বিশ্বসেরা অলরাউন্ডারও। তিনিও লাথি-ঘুষি চালিয়েছেন বখাটেদের ওপর।
রাজধানীর গুলশানের মাহিম (২২) ও তার বন্ধু ইব্রাহিম আলী (২৭) নামে দুজন বখাটের নাম জানা গেছে। অন্যদের পরিচয় জানা যায়নি।
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ যখন বৃষ্টিতে বন্ধ, বাইরে যখন ঝুম বৃষ্টি তখনই বখাটেরা ধোলাই খাচ্ছিলেন বিসিবির অফিসকক্ষে।
সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির খেলা দেখতে গিয়েই এমন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েন।
নির্ভরযোগ্য সূত্র জানা যায়, ভিআইপি গ্যালারিতে বসা ৭-৮ জন যুবক অগ্রহণযোগ্য অঙ্গভঙ্গি দেখাতে থাকে শিশিরকে। প্রথমে চুপ থাকলেও পরে বৃষ্টির সময় সাকিব তার খোঁজ নিতে এলে নালিশ করে দেন শিশির।
স্ত্রীর অপমানে ক্ষিপ্ত সাকিব বিষয়টি জানান বিসিবিকে। কর্মকর্তারা দ্রুত গিয়ে তাদের ধরে নিয়ে যান অফিসকক্ষের ভিতরে। সেখানে তাদের বেদম মারপিট করা হয়। এক পর্যায়ে উত্তেজিত সাকিবও কিল-ঘুষি মারেন বলে নিশ্চিত করেছে সূত্রটি।
পরে অবশ্য বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বিষয়টি মীমাংসা করে দেন।
নিজাম উদ্দিন সুজন বলেন, এমন একটি কথা আমরাও শুনেছি। তবে এখন ম্যাচ নিয়ে ব্যস্ত আছি, এ নিয়ে পরে কথা বলবো।
ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





