৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে। মঙ্গলবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯১ রানে হারলে সিরিজ হারসহ হোয়াইটওয়াশের কবলে পড়ল মুশফিকরা।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দিনেশ রামদিন ও ড্যারেন ব্র্যাভোর সেঞ্চুরির উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

মূলত এই দুই ব্যাটসম্যানের তান্ডবেই রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেট জুটিতে এই দুই জন মিলে জমা করেন ২৫৮ রান।

তবে শুরুতে স্বাগতিদের কিছুটা ধাক্কা দিতে সক্ষম হন বাংলাদেশের পেসাররা। প্রথমে ওপেনার লিন্ডল সিমন্সের পর ওয়েস্ট ইন্ডিজের আরেক ওপেনার ক্রিস গেইলকেও তাড়াতাড়ি ফেরত পাঠায় পেসাররা। ম্যাচের পঞ্চম ওভারের পঞ্চম বলে গেইলকে আউট করেন আল-আমিন হোসেন। এর আগে আরেক ওপেনার লিন্ডল সিমন্সকে ফিরিয়েছিলেন মাশরাফি। ফলে ৫.৫ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ছিল ২ উইকেটে হারিয়ে ১২।

এরপর ওয়েস্ট ইন্ডিজের বাকি ইনিংস ছিল রামদিন ও ব্র্যাভোময়ের। উইকেটে প্রথমে ধীর গতিকে খেললেও ক্রমেই ভয়ঙ্কর রুপ ধারন করেছেন এই দুই ব্যাটসম্যান। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১২০ বল খেলে ৮ টি চার ও ১১টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ১৬৯ রান করেন রামদিন। ব্র্যাভো ১২৭ বল খেলে ৭টি চার ৮টি ছক্কার সাহায্যে ১২৪ রান করেন। এছাড়া কাইরন পোলার্ড ও ড্যারেন সামি ১০টি করে রান করেন।

বাংলাদেশের পক্ষে পেসার আল-আমিন হোসেন ১০ ওভার বল করে ৫৯ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন।

জয়ের জন্য ৩৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পরে বাংলাদেশ। ওপেনার এনামুল হক বিজয় ও ওয়ান ডাউনে নামা ইমরুল কায়েস দলীয় ২ রানে সাজঘরের পথ ধরেন। তবে এরপর ওপেনার তামিম ইকবাল ও অধিনায়ক মুশফিকুর রহিম ৯৯ রানের পার্টনারশিপ গড়ে ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু ক্যারিয়ারের ১৫তম হাফসেঞ্চুরি করে দলীয় ১০৫ রানের মাথায় তামিম ফিরে গেলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারী বাংলাদেশ। দলীয় ১০৮ রানে মুমিনুল ইসলাম আউট হয়ে গেলে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এরপর আবারো একটি হাফসেঞ্চুরির পার্টনারশিপ গড়েন মুশফিক ও মাহমুদুল্লাহ। কিন্তু সেটাকে দীর্ঘায়িত করতে না পারায় হারের বৃত্তেই বন্দি থাকতে হলো মুশফিকদের। ব্রাভো-রামদিনের পথ ধরে সেন্ট কিটেসে বাংলাদেশের অধিনায়কও সেঞ্চুরির সম্ভাবনা দেখিয়েছিলেন। কিন্তু আশা জাগিয়েও মুশফিক ব্যক্তিগত ৭২ রানে রবি রামপালের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপরই মূলত হেরে যায় বাংলাদেশ।

হারের ব্যাবধান কমাতে শেষ পর্যন্ত চেষ্টা করেছেন মাহমুদুল্লাহ (২৭ রান), নাসির হোসেন (২৬ রান), সোহাগ গাজী (২৪ রান) ও মাশরাফি বিন মর্তুজারা (হার না মানা ১৫ রান)। ফলে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ২৪৭ রান। ৯১ রানে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ