বিসিবির দেয়া শাস্তি কমাতে রোববার আপিল করতে পারেন বাংলাদেশ ক্রিকেট দলের অল রাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছে।
শৃঙ্খলা ভঙ্গের বেশ কয়েকটি অভিযোগে গত ৭ জুলাই সাকিবের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিসিবি। শাস্তি হিসেবে তাকে ৬ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। সেই সঙ্গে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তাকে বিদেশি কোনো লিগ খেলার জন্য অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে তার এই শাস্তি কমানো বিষয় আপিল করার সুযোগ আছে বলে তখন জানানো হয়। বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ব্যক্তিগতভাবে তার ধানমণ্ডি কার্যালয়ে সাক্ষাৎ করেছিলেন সাকিব। সাকিবকে আপিল করার পরামর্শ দিয়েছিলেন বিসিবি প্রধান। বৃহস্পতিবার সাকিব আপিল করতে পারেন এমনই কথা ছিল। তবে শনিবার বিকাল পর্যন্ত দেশ সেরা এই ক্রিকেটারের পক্ষ থেকে আপিল করার কোনো উদ্যোগ দেখা যায়নি।
আপিল করলে তার শাস্তি কমবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে বিসিবির সূত্রমতে, আপিল করলে তার শাস্তি অনেকটাই কমে যাবে। আবার কেউ কেউ বলেছেন, নামে মাত্র শাস্তি কমবে। কারণ বিসিবি সভাপতি শৃঙ্খলার ব্যাপারে কঠোর অবস্থানে। তিনি সাকিব ইস্যু দিয়ে অন্য দলের অন্য ক্রিকেটারদের সতর্ক করতে দৃঢ় প্রতিজ্ঞ।
সাকিবের শাস্তি কমানোর ইস্যুতে জাতীয় দলের কোচের ভূমিকাও গুরুত্বপূর্ণ। কোচ হাথুরুসিংহে ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। সাকিবের শাস্তি কমানোর বিষয়ে বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





