সোমবার (১৩ জুন) রাতে 'এ' লিগের এক নাম্বার গ্রুপের ম্যাচে ঘরের মাঠে ক্রোয়েশিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছে ফ্রান্স। ক্রোয়েটদের হয়ে একমাত্র গোলটি করেন লুকা মদ্রিচ।

এই হারে টুর্নামেন্টের ফাইনালে খেলার আশা অনেকটা শেষ হয়ে গেছে ফ্রান্সের। ‘এ’ লিগের এক নম্বর গ্রুপে ২ পয়েন্ট নিয়ে তলানিতে আছে তারা। গ্রুপসেরা হয়ে আসরের ফাইনালে খেলা এখন অসম্ভবই বটে।

ডিবক্সের মধ্যে ক্রোয়েশিয়ার আন্তে বুদিমিরিকে ফাউল করেন ফ্রান্সের খেলোয়াড়রা। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি।

মদ্রিচ পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন। তার জোরালো শট ফ্রান্সের গোলরক্ষকের হাতে লাগলেও পুরোপুরি ঠেকাতে পারেননি।

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে এই ফ্রান্সের কাছে হেরেই শিরোপা হাতছাড়া করেছিল ক্রোয়েশিয়া। এদিন বিশ্বচ্যাম্পিয়নরা পারেনি জয়ের উল্লাস করতে।

নেশনস লিগে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে ফ্রান্স। তারা জিততে পারেনি একটি ম্যাচেও। শুধু দুই ম্যাচে ড্র করে ২ পয়েন্ট ঝুলিতে পুরেছে।

দিনের অপর ম্যাচে ডেনমার্ক ২-০ গোলে অস্ট্রিয়াকে হারিয়েছে। এই গ্রুপে তারা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আর ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ক্রোয়েশিয়া। অস্ট্রিয়ার সংগ্রহ ৪ পয়েন্ট।

এইচএন