ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন সাউদি। সেই ব্যাথা এখন পর্যন্ত সারেনি তার। বাধ্য হয়েই ডাক্তারের ছুরি-কাঁচির নিচে যেতেই হচ্ছে টিম সাউদিকে। বৃহস্পতিবার ডান হাতের আঙুলে অস্ত্রোপচার হবে এই পেসারের। তার পর সাউদি সিদ্ধান্ত নেবেন বিশ্বকাপে খেলার ব্যাপারে। আর এজন্য আরও এক সপ্তাহ সময় পাবেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে আঙুলটিতে চিড় ধরা পড়ে এই পেসারের। সেকারণেই মূলত অস্ত্রোপচার। অবশ্য কিউই কোচ গ্যারি স্টিডের প্রত্যাশা, বিশ্বকাপে পাওয়া যাবে তাকে, ‘আশা করব অস্ত্রোপচার করে আঙুল ঠিক হয়ে যাবে। সাউদি খেলতে পারবে বলেই আশা রাখছি।’
বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর থেকে। তার আগে পর্যন্ত সময় পাচ্ছেন সাউদি। তবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তন করতে পারবে নিউজিল্যান্ড। সময়টা যে খুব স্বল্প সেটাও মানতেই হচ্ছে।
৩৪ বছরের সাউদি খেলতে না পারলে তা বড় রকমের এক ধাক্কা হবে বর্তমান রানারআপদের জন্য। অস্ত্রোপচারের পর পুনর্বাসন নিয়েও তাই সতর্ক কোচ স্টিড, ‘সাউদির ডান হাতের বুড়ো আঙুলে কিছু স্ক্রু এবং পিন লাগানো হবে। অনুশীলনে ফিরে ও যাতে যন্ত্রণা সহ্য করতে পারে, সেটাও দেখতে হবে।’
এমআই





