মাহমুদুল্লাহ রিয়াদের একটি পারিবারিক অনুষ্ঠানে দু'জনের দেখা হয়েছিল দেড় বছর আগে। এরপর হৃদয়ের লেনাদেনা। বছরখানেক আগে আংটি বদলও হয়ে গিয়েছিল। আজ বাদে কাল সে সম্পর্ক পরিণয়ে রূপ নিচ্ছে। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং মানিকগঞ্জের মেয়ে জান্নাতুল কিফায়াত মন্ডি আগামীকাল বৃহস্পতিবার সারা জীবনের জন্য জুটি বাঁধছেন।
জাতীয় দলের অধিনায়ক বলে কথা! ধুমধামের কোনো কমতি থাকছে না। বেশ ঘটা করেই আজ সন্ধ্যায় বিমানবাহিনীর অফিসার্স মেসের ফ্যালকন হলে হবে বর-কনের গায়েহলুদ অনুষ্ঠান। বৌভাত হবে ২৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় এয়ারপোর্ট রোডের গলফ গার্ডেনে। মুশফিকের বাবা মাহবুব হামিদ জানিয়েছেন, বৃহস্পতিবার মুশফিক-মন্ডির বিয়ের অনুষ্ঠান হবে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে। আর ঈদের পর ১০ অক্টোবর মুশফিকের শহর বগুড়ায় আরও একটি অনুষ্ঠান হবে। মুশফিক-মন্ডির পরিচয়ের মাধ্যমটা হলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। মন্ডি হলেন রিয়াদের শ্যালিকা। গত বছরের শুরুতে দু'জনের পরিচয়। প্রাইম ইউনিভার্সিটির বিবিএর ছাত্রী মন্ডির সঙ্গে গত বছর ২৬ অক্টোবর পারিবারিকভাবে বাগদানটাও সেরে ফেলেছিলেন মুশফিক। এতদিনে শুভ পরিণয়ে আবদ্ধ হচ্ছেন দু'জন। বর-বধূর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মুশফিকের বাবা মাহবুব হামিদ।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





