সাব্বির রহমান আর সাকিব আল হাসানের ব্যাটে ভর করে ৭ উইকেটে শ্রীলঙ্কাকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

দুশমন্থা চামিরার করা শেষ ওভারে ফিরে গেলেন নুরুল হাসান (৫ বলে ২)। ব্যাটের ওপরের কানায় লেগে অনেক উপরে উঠে যাওয়া বল তালুবন্দি করতে কোনো ভুল করেননি অ্যাঞ্জেলো ম্যাথিউস।

সাব্বিরের বিদায়ের পর রানের গতি বাড়ানোর চেষ্টা করছিলেন সাকিব আল হাসান (৩৪ বলে ৩২)। তবে তার সেই প্রচেষ্টা খুব একটা সফল হয়নি। দুশমন্থ চামিরার বাউন্সারে উইকেটরক্ষক দিনেশ চান্দিমালকে ক্যাচ দিয়ে ফিরে গেছেন এই অলরাউন্ডার।

ফিরে গেলেন দলকে ভালো অবস্থানে পৌঁছে দেওয়া সাব্বির রহমান (৫৪ বলে ৮০)। দুশমন্থ চামিরার স্লোয়ার বলে ডিপ মিডউইকেটে শিহান জয়াসুরিয়াকে ক্যাচ দিয়ে শেষ হয় তার ক্যারিয়ার সেরা ইনিংসটি।


ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে গেছেন মুশফিকুর রহিম (৯ বলে ৪)। শর্ট কাভারে বল পাঠিয়েই রান নিতে চেয়েছিলেন তিনি। শুরুতে একটু এগোনো সাব্বির পরে আর সাড়া দেননি। কিন্তু ততক্ষণে অনেকটা দূরে চলে আসা মুশফিক আর নিজের জায়গায় ফেরার চেষ্টা করেননি। বোলার অ্যাঞ্জেলো ম্যাথিউস বল ধরে ছুটে গিয়ে স্টাম্প ভেঙে দেন।

মোহাম্মদ মিঠুনের মতো রানের খাতা খুলতে পারেননি সৌম্য সরকারও (৩ বলে শূন্য)। নুয়ান কুলাসেকারার বল তুলে মারতে গিয়ে মিডঅফে সহজ ক্যাচ দিয়ে ফিরে গেছেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

এর আগে ফিরে যান মিঠুন (২ বলে শূন্য)। অ্যাঞ্জেলো ম্যাথিউসের খাটো লেংথের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শ্রীলঙ্কার হয়ে টস করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। মানে খেলছেন না নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা। টসের সময় ম্যাথিউস জানালেন, ‘মালিঙ্গা ফিট নন, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।”

এশিয়া কাপের পঞ্চম ম্যাচে বাংলাদেশের চেনা উইকেটের চেহারায় ফিরেছে উইকেট। টুকটাক কিছু ঘাস থাকলেও উইকেট সাদাটে, অনেকটাই ব্যাটিং সহায়ক উইকেট। টসের সময় মাশরাফি জানালেন, শিশির খুব বেশি না পড়লে পরে স্পিনও ধরবে খানিকটা।

বাংলাদেশ খেলছে একই একাদশ নিয়ে। শ্রীলঙ্কার একাদশে মালিঙ্গার বদলে খেলবেন থিসারা পেরেরা।

জেএইচ