হ্যামিল্টনের সেডন পার্কে প্রথম টি-২০ ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছে স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। শেষ ৫ ওভারে ৮১ রান সংগ্রহ করার সুবাদে বাংলাদেশকে ২১১ রানের বিশাল লক্ষ্য দিয়েছে কিউইরা।

আজ (২৮ মার্চ) রোববার টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। বল হাতে শুরুটা দারুণ করে বাংলাদেশ। নতুন বল তুলে দেওয়া হয় অভিষিক্ত স্পিনার নাসুম আহমেদের বলে। এ বাঁহাতি প্রথম ওভারেই দলকে এনে দেন সাফল্য। তার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন। অভিষেক ম্যাচে গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ পান অ্যালেন।

এরপর মার্টিন গাপটিল আর ডেভন কনওয়েল হাল ধরেন। দ্বিতীয় উইকেটে এ দুজন মিলে গড়েন ৫২ রানের জুটি। তাদের জুটিও ভাঙেন নাসুম। ডানহাতি গাপটিলের বিপক্ষে বেশ কিছু ডেলিভারি ভেতরের দিকে ঢুকিয়েছেন নাসুম। ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে টার্ন করে বেরিয়ে যাওয়া এক স্লোয়ার ডেলিভারিতে গাপটিলকে ফাঁদে ফেলেন নাসুম। উড়িয়ে মারতে গিয়ে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন গাপটিল। নিজের শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২৭ বলে ৩৫ রান করে ফিরে যান গাপটিল।

গাপটিলের বিদায়ের পর ঝড় তুলেন ডেভন কনওয়ে আর অভিষিক্ত উইল ইয়ং। অভিষিক্ত পেসার শরীফুল ইসলামের ওপর চড়াও হন দুজন। ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন কনওয়ে আর উইং। দ্রুতগতির আউটফিল্ড আর ছোট মাঠকে কাজে লাগিয়ে দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যান তারা।

দুজনই তুলে নেন অর্ধশতক। নাসুমের বলে ছক্কা মেরে অর্ধশতক করার শটে ক্যাচ তুলেছিলেন কনওয়ে। কিন্তু তা তালুবন্দী করার সময় শরীফুলের পা বাউন্ডারিতে স্পর্শ করায় বেঁচে যান এ বামহাতি।

তাদের ৬০ বলে ১০৫ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান। ১৭ তম ওভারে ১৬ রান দেওয়া মেহেদী পঞ্চম বলে তুলে নেন ইয়ংয়ের উইকেট। সুইপ করে ইয়ং ক্যাচ দেন আফিফের হাতে। ৩০ বলে ৫৩ রান করে বিদায় নেন ইয়ং।

এসেই ঝড় তুলেন গ্লেন ফিলিপ্স। শরীফুলের করা ১৮ তম ওভারে ১৪ রান সংগ্রহ করেন তিনি। অভিষেক ম্যাচটা ভালো কাটেনি এ পেসারের, চার ওভারে দিয়েচেন ৫০ রান। পরের ওভারে ১৪ রান দেন সাইফউদ্দিন। মুস্তাফিজের করা শেষ ওভারে রান হয় ২০। শেষ ৫ ওভারে ৮১ রান সংগ্রহ করলে ২১০ রানের বিশাল স্কোর সংগ্রহ করে কিউইরা। ১১ চার আর ৩ ছয়ে সাজানো ৫২ বলে ৯২ রান করে অপরাজিত থাকেন কনওয়ে। ফিলিপ্স অপরাজিত থাকেন ১০ বলে ২৪ রান করে।বিডিক্রিকটাইম

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ২১০/৩, ২০ ওভার
কনওয়ে ৯২*, ইয়ং ৫৩, ফিলিপ্স ২৪*

এমবি