ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে লড়ছে বাংলাদেশ। এদিন বল হাতে বেশি সুবিধা করতে না পারলেও হাফ-সেঞ্চুরি করা গেইলকে বিদায় করে দিয়েছে তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ ওভারে দুই উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে আছেন ড্যারেন ব্রাভো (৪৪) ও রামদিন (৯)।
শুক্রবার গ্রেনাডার ন্যাশনাল স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটিতে দ্বিতীয় ওভারেই দলীয় মাত্র ৫ রানে প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। পেসার আল আমিন হোসাইনের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান রানের খাতা খুলতে না পারা কির্ক এডওয়ার্ডস।
এরপর গেইল ও ব্রাভো শক্তিশালী জুটি গড়ে তোলেন। দেখতে দেখতে হাফ সেঞ্চুরি পার করেন গেইল। তবে ৫৮ রান করে মাঠ থেকে বিদায় নেন তিনি। মাহমুদুল্লাহর বলে সোহাগ গাজীর তালবুন্দী হন এই মারমুখী ব্যাটসম্যান।
প্রথম ম্যাচে টসে হেরে যাওয়া বাংলাদেশ এই ম্যাচে ভাগ্যের লড়াইয়ে জয়ী হয়েছে। আর সেই সুযোগে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন দলনেতা মুশফিকুর রহিম।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, আল আমিন হোসেন ও তাসকিন আহমেদ।
ঢাকা,২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





