টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। তবে গানে গানে ক্রিকেট বিশ্বকে মাতাতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধন ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্ধ্যা সাতটার দিকে স্টেডিয়ামে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এরপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে সোয়া সাতটার দিকে নিজের বক্তব্য শেষে প্রথমে ইংরেজিতে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর পরই বাংলায় উদ্বোধন ঘোষণা করেন তিনি। কিছুক্ষণের মধ্য দিয়ে আতশবাজিতে আলোকিত হয় স্টেডিয়াম এলাকার আকাশ।
বিকাল ৩টা থেকেই স্টেডিয়ামে গানের তালে তালে অনুষ্ঠান শুরু হলেও মূল অনুষ্ঠান শুরু হয়েছে সন্ধ্যায়। মেগা কনসার্টে দর্শক মাতাবেন বাংলাদেশের সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, কুমার বিশ্বজিৎ, মমতাজসহ বিভিন্ন শিল্পী। এ ছাড়া থাকছে এলআরবি, মাইলস, সোলস, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস সুরের মূর্ছনাও। গান গাইবেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সুরকার গীতিকার এ আর রহমান, উদিত নারায়ন, জাভেদ আলী, নীতি মোহন, শ্বেতা পণ্ডিত, আনন্দন শীবামনি অহর দ্বীপ কৌড়। এ আর রহমানের নেতৃত্বে প্রায় ১৩০ জনের একদল গাইয়ে মঞ্চ মাতাতে সরব থাকবেন প্রায় ২ ঘণ্টা। সঙ্গে আরো থাকছেন আমেরিকান হার্টথ্রুব আরএন্ডবির একন।