আজ সন্ধ্যা সাড়ে সাতটায় মিরপুরে এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। উপমহাদেশীয় ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটা নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার কমতি নেই। তবে একজন একেবারেই নির্ভার, তিনি আর কেহ নন, তিনি হলেন ভারতীয় ক্রিকেট ইতিহাসের জীবন্ত কিংবদন্তী সৌরভ গাঙ্গুলী।

এশিয়া কাপের বারুদ ছড়ানো ম্যাচটি নিয়ে ভারতের সাবেক অধিনায়কের মূল্যায়ন খুবই সাধারণ। ম্যাচটা ভারত সহজে জিতবে বলেই তাঁর বিশ্বাস।

সৌরভের এমন আত্মবিশ্বাসের কারণ আর কিছুই নয়। বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনিদের নিয়ে গড়া ভারতীয় দলটাকে এগিয়ে রাখতে চান ভারতের অন্যতম সফল এই অধিনায়ক। তাঁর কথা, ‘আমরা ম্যাচটা জিতব, কারণ পাকিস্তানের চেয়ে আমাদের দলটা অনেক ভালো।’

শুক্রবার ঢাকায় একটি আবাসন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌরভ।

অনুষ্ঠান শেষে বললেন, ‘ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াইকে শুধু একটি ম্যাচ হিসেবে দেখলে হবে না। ক্রিকেটপ্রেমীদের জন্য এটা বিশেষ কিছুই। আর খেলাটা যেহেতু নিরপেক্ষ মাঠে (ঢাকায়) হচ্ছে, তাই দারুণ হবে বলেই আমার বিশ্বাস। তবে এটা বলে দিই, ম্যাচটা কিন্তু ভারতই জিততে যাচ্ছে।’

ওএফ