বিশ্বসেরা ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)

বার্ধক্যজনিত কারণে বুধবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

আজ (১৪ জানুয়ারি) বৃহস্পতিবার বাদ জোহর মরহুমার নামাজের জানাজা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

সাকিবের পিতা মাগুরা সোনালী অতীত ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ব্যাংকার মাশরুর রেজা কুটিল এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত রেবেকা নাহারের নাতি (মেয়ের ছেলে) জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলটায় ভুগছিলেন রেবেকা নাহার। সবশেষ মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকার নিউরোসাইন্স হাসপাতাল থেকে মাগুরায় আনা হয় তাকে।

মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়েসহ নাতি-নাতনি রেখে গেছেন রেবেকা নাহার। তাদের মধ্যে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের উজ্জ্বল নক্ষত্র।

সাইফুল্লাহ/এমবি