বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা যে হতাশ, সেটি আর বলার অপেক্ষা রাখে না। পর পর দুই ম্যাচে সাইড লাইনেই বসে থাকতে হলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এটা কি 'কেকেআর' এর অবহেলা নাকি তাদের নতুন কোন কৌশল তা এখনো পরিষ্কার নয়।

অপর দিকে নিজেদের প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমানের সানরাইজ হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে হারলেও কাটার মাস্টার ছিলেন আপন আলোয় উজ্জ্বল।

আজ হায়দ্রাবাদে রাত সাড়ে ৪টায় সাকিবের কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে মুস্তাফিজের সানরাইজ হায়দ্রাবাদের।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স যে দুইটি শিরোপা জিতেছিল, দুইটিতেই ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব আল হাসান। কিন্তু এই সেরা ক্রিকেটারটিকেই বসিয়ে রেখেছে কেকেআর (কলকাতা নাইট রাইডার্স)। ইডেন গার্ডেনে নিজেদের প্রথম দুই ম্যাচে দিল্লি ডেয়ার ডেভিলস ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সাকিব ছিলেন সাইড লাইনে।

এক ম্যাচে চারজনের বেশি বিদেশী খেলোয়াড় খেলাতে পারবে না কোনো দল- এটাই আইপিএলের নিয়ম। তারকাসমৃদ্ধ কেকেআর তাই একাদশ গঠন করতে গিয়ে সাকিবকে বসিয়ে রাখতে বাধ্য হচ্ছে।

আজ কেকেআর খেলবে তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। আর মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ খেলবে নিজেদের প্রথম হোম ম্যাচ।

হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমানের। অ্যাওয়ে ম্যাচে যদি সাকিবকে কেকেআর সেরা একাদশে সুযোগ দেয়, আর সানরাইজে যদি একাদশে আজও মুস্তাফিজুর খেলেন, তাহলেই কাঙ্ক্ষিত সাকিব-মুস্তাফিজের মুখোমুখি লড়াইটা দেখতে পারবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

সাকিব কেকেআরে আজ একাদশে থাকার ব্যাপারে সন্দিহান হলেও সানরাইজার্স হায়দ্রাবাদের প্রাণভোমরা মুস্তাফিজ ঠিকই মাঠে নামতে পারেন। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে অসাধারণ বল করেন তিনি। ৪ ওভারে ২৬ রান খরচায় নিয়েছেন দুই উইকেট।

 

এমআইএস।