টাঙ্গাইলের ঘাটাইলে কোরবানির মহিষের গুঁতোয় ১১ জন আহত হয়েছেন। মহিষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলিও ছুড়েছে।
আজ (১৩ আগস্ট) মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মহিষটি নিয়ন্ত্রণের বাইরে ভুঞাপুর উপজেলার চর অলোয়ায় ঘুরে বেড়াচ্ছে।
ভূঞাপুর থানার এসআই টিটু চৌধুরী বলেন, ঈদের দিন বেলা ১১টার দিকে ঘাটাইল উপজেলার যুগিহাটি গ্রামে কোরবানি দেওয়ার চেষ্টার সময় মহিষটি লাফিয়ে উঠে স্থানীয়দের আক্রমণ শুরু করে। ওই গ্রামের আরিফুল সরকার তার বাড়িতে মহিষটি কোরবানি দিতে চেয়েছিলেন। কিন্তু মহিষটি লাফিয়ে উঠলে কয়েকজন আহত হয়। পরে মহিষটি গুঁতো মেরে আরও কয়েকজনকে আহত করে।
এসআই টিটু বলেন, মহিশের গুঁতোয় আরিফুলের পরিবারের পাঁচজনসহ মোট ১১ জন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশসহ স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাস্থলে যায়। স্থানীয়রা মহিষটি বাগে আনতে না পারলে পুলিশ গুলি করে।
এসআই টিটু বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দের নির্দেশে ক্ষিপ্ত মহিষকে লক্ষ করে শর্টগান দিয়ে এক রাউন্ড গুলি ছোড়া হয়। তবে গুলি মহিষের গায়ে লাগেনি।
এদিকে বহুসংখ্যক এলাকাবাসী ভিড় করায় পুলিশও মহিষটি ধরতে পারেনি বলে জানান তিনি।
পালিয়ে যাওয়ার ২৬ ঘণ্টা পর অবশেষে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে এটিকে ধরা হয়। মহিষটিকে ধরতে ঢাকা থেকে এক পশু কর্মকর্তা ঘটনাস্থলে গিয়েছিলেন।
ঈদের পর দিন মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকলা এলাকা থেকে মহিষটিকে ধরা হয়।
গত সোমবার (১২ আগস্ট) দুপুরে ঘাটাইল উপজেলায় মহিষটিকে কোরবানি করা হচ্ছিল।
এমবি





