ফাল্গুন শেষ হয়নি এখনও তবে ভারতের কয়েকটি রাজ্যে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। এদের মধ্যে অন্যতম একটি রাজ্য হচ্ছে মহারাষ্ট্র।
এখানে পানির অভাব এতাটাই প্রকট হয়ে দেখা দিয়েছে যে বেশ কয়েকটি অঞ্চলের মানুষ গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছেন। আর এমন সংকটের মধ্যেও পানিতে ভেসে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর মাঠগুলো।
কারণ আইপিএলের এবারের আসরে মহারাষ্ট্রের তিনটি ভেন্যুতে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ভেন্যুগুলোর জন্য প্রয়োজন হবে ৬০ লাখ লিটার পানির। একদিকে মানুষ পানির অভাবে ভিটেবাড়ি ছাড়ছেন আর অপরদিকে ক্রিকেট মাঠে পানির এই অপচয়, বিষয়টি মানতে পারছেন না ভারতের জনগণ। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত।
আর খরায় আক্রান্ত এ রাজ্যে পানির এহেন অপচয় নিয়ে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) কটাক্ষ করেছেন বম্বে আদালত। এক আবেদনের জবাবে আদালত বলেন,‘আইপিএল বেশি গুরুত্বপূর্ণ না এ রাজ্যের মানুষ?’
টেলিগ্রাফের খবরে বলা হয়েছে আগামী ৯ এপ্রিল শুরু হচ্ছে আইপএলের নবম আসর। আর পানির এমন অপচয় রোধ করতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিদের্শ দিয়েছে দেশটির আদালত। আদালত জানিয়েছেন যে রাজ্যগুলোতে পানির সংকট নেই সেগুলোতে আইপিএলের ম্যাচগুলো সরিয়ে নেয়া যেতে পারে।
আগামীকালও এই বিষয়ের উপর আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
তবে বিষয়টি নিয়ে খুব একটা গা করছে না আইপিএল কমিটি। আইপিএলচেয়ারম্যান রাজীব শুক্লা বলেছেন,‘খরায় আক্রান্ত এলাকা মহারাষ্ট্রের লোকজনের প্রতি আমাদের সহানুভূতি আছে। দু-তিনটি পিচের জন্য খুব সামান্যই পানির দরকার। তাই সিডিউল অনুযায়ীই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।’
ওএফ





