২০১৫ সালের শুরুটা ছিলো বেশ ঝকঝকে । মুঠি মুঠি আনন্দে পূর্ণ ছিলো দিতির দিনগুলি।খুব ব্যস্ত জীবন ছিলো তার।
ব্যস্ততা থেকে ছুটি পেলেই কাছের মানুষদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে ভালোবাসতেন। মাতিয়ে রাখতেন শুটিং সেট। মুহুর্তেই হয়ে উঠতেন আড্ডার মধ্যমণি।
সারাক্ষণই ঠোঁটের কোণে লেগে থাকতো চিরচেনা সেই হাসিটা। কিন্তু হঠাৎ সেই প্রানোচ্ছল হাসিটা মলিনতায় ঢেকে যেতে থাকে ঘন মেঘে ঢাকা আকাশের মতো।
কি যেন এক বিষন্নতার আধাঁর নেমে আসলো এই প্রানোচ্ছল অভিনেত্রীর মনোরম জীবনে। বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে খুব একটা আমলে বুঝতে পারেননি। কিন্তু শরীরটা একসময় বিদ্রোহ শুরু করে।
ছেলে-মেয়ের জোরাজুরিতে গেলেন ডাক্তারের কাছে। রিপোর্ট ঘেঁটে ডাক্তাররা জানালেন, মস্তিস্কে ক্যান্সার! ভয়ংকর সংবাদ। আকাশ ভেঙে পড়লো তার মাথায়। কিন্তু নিজে ভেঙে পড়েননি। আশায় আশায় বুক বেধেছিলেন, সুস্থ হবেন বলে।
আবার আড্ডা দেবেন। নিজের হাতে বাজার সদাই করে রান্না করবেন। ছেলে-মেয়েদের খাওয়াবেন।
শুরু হলো চিকিৎসা। কিন্তু অবস্থার কোন উন্নতি নেই। ঢাকা থেকে উড়াল দিলেন চেন্নাইয়ে। ভর্তি হলেন মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে। ছায়ার মতো সঙ্গে ছিলেন ছেলে লামিয়া ও দীপ্ত।
হাসপাতালে শুরু হলো দিতির জীবনের নতুন এক অধ্যায়। রুটিন ধরে ধরে চলতো কেমোথেরাপি। কেমো বড্ড যন্ত্রণা দিত তাকে। কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় একসময় তার দীঘল কালো চুলগুলো ঝরা শুরু হয়।
চুলগুলো না ফেলে পরম যত্নে ব্যাগে পুরেছিলেন দিতি। সেগুলো দিয়ে দুটো উইগ বানাতে চেয়েছিলেন।
দিতির মেয়ে লামিয়া চৌধুরী ফেসবুকে জানিয়েছিলেন, ‘চুল যখন ঝরে পড়তে শুরু করলো , তখন তিনি সেগুলো একটি ব্যাগে জমাতে শুরু করলেন। চুল নিয়ে তার কোন চিন্তায় ছিলোনা। চিকিৎসকরা মাঝে মধ্যে চমকে যেতেন।’
হাসপাতালটাকে তখন খুব একঘেয়ে লাগতো তার। চার দেয়ালে বন্দি চড়ুই পাখির মতো ছটফট করতেন এই মানুষটি।
ডাক্তারদের কাঁচির নিচে নিজেকে সঁপে দিতে দিতে হাঁপিয়ে উঠেছিলেন। মাথায় ছিলো কাঁটাছেড়ার দগদগে দাগ। দাগটা মাথা থেকে বাসা বেঁধেছিল মনেও।
পড়ন্ত বিকেলে ছেলে-মেয়ের কাঁধে ভর দিয়ে বিছানা ছেড়ে হাসপাতালে ব্যালকনিতে দাড়াতেন। ব্যালকনিটা ছিলো তার কাছে কাঁটাতার। এর বাইরে যাওয়ার শক্তি কিংবা সামর্থ্য কোনটায় ছিলনা তার।
সপ্তাহখানেকের ব্যবধানে আস্তে আস্তে হাঁটতে শুরু করলেন। এক পা দু’পা করে নিজে নিজেই হাঁটতে শুরু করলেন। ছেলে-মেয়েরা তো আনন্দে আত্বহারা। শরীরে বল পাচ্ছেন দিতি। উন্নতি হলো শরীরের।
অনেকটা সুস্থ হওয়ার পর ডাক্তারি নির্দেশনায় ঢাকায় আনা হয় তাকে। বিশ্রামে ছিলেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে কথাও বলেছেন তখন।
তখন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ‘হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে নিজের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনাই মনে পড়েছে।
আর সেগুলো আমার মুখ থেকে শুনে একটি স্ক্রিপ্ট লিখেছে লামিয়া। যা আমার আত্মজীবনীই বলা যেতে পারে। সুস্থ হয়ে, এটা নিয়ে একশ পর্বের নাটক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। খুব তাড়াতাড়ি এর কাজ শুরু করব।’
ঢাকায় ফিরে ভালোই চলছিল দিনকাল। কিন্তু মাসখানেকের মাথায় দ্বিতীয় দফায় ফের অসুস্থ হয়ে যান তিনি।
নেয়া হলো পরদেশী হাসপাতাল চেন্নাইয়ে। শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে আইসিইউতে রাখা হয় তাকে। একটা সময় রোগটা চিকিৎসকদের নাগালে বাইরে চলে যায়। ডাক্তাররা তার ফেরার আশাই ছেড়ে দেন।
কোন উপায় না দেখে ঢাকায় আনা হয় তাকে।ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয় এই অভিনেত্রীকে।
চিকিৎসাধীন অবস্থায় ভার্চুয়াল জগতে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু পরে জানা যায়, তিনি বেঁচে আছেন।
সেই ঘটনার দেড় মাসের মাথায় সত্যি সত্যিই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে নিরব নিঃস্তব্ধ হয়ে গেলেন তিনি।
প্রায় একবছরের হাসপাতাল জীবনকে পাশ কাটিয়ে প্রবেশ করলেন ভিন্ন এক জগতে। যে জগত থেকে কেউ আর ফেরেনা এইখানে।
কাদিঁয়ে চলে গেলেন এক অজানা দেশে যেখান থেকে আর ফুটিয়ে তুলতে পারবেননা নিজ আত্মজীবনী নিয়ে একশ পর্বের নাটক নির্মাণের শেষ ইচ্ছেটুকু।
জীবনের শেষ সময় পর্যন্ত দিয়ে গেলেন কতো কিছু, কিন্তু দিতে পারলেননা শেষ চাওয়াটুকু অবেলায় আঁধারে ছেঁয়ে গেলো হাঁসিমাখা বদনখানি।ধন্য তুমি ধন্য, তোমার জীবনে সবি দিয়ে গেলে হৃদয় উজাড় করে বিনোদনের এ জগৎটাকে কত কত কি সুন্দরভাবে রেখে গেলেন বিনোদন তৃষ্ণার্ত মানুষদের জন্য । যাবার বেলা শুধু কাদিয়েঁ গেলে নিরবে নিবৃত্তে।তাইতো অশ্রূশিক্ত এ বেলায় বলতে হচ্ছে,
"নিবৃত্তে কাদেঁ মন,কাদেঁ দু!নয়ন,আমি কার? কে আমার? কেন এ জীবন?"
এস.আলম





