পবিত্র শবে বরাত আজ। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য কাঙ্ক্ষিত মহিমাময় রজনী। ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ চারটি রাতের অন্যতম শবে বরাতের রাত। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি পবিত্র শবে বরাত হিসেবে পালন করা হয়। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ সৌভাগ্য। এ দুটি শব্দ নিয়ে ‘শবে বরাত’, অর্থাৎ সৌভাগ্যের রজনী। আরবিতে একে বলে ‘লাইলাতুল বরাত’।
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের মহিমান্বিত এ রাতে মুসলমানরা পাপ থেকে ক্ষমা প্রার্থনা করে নিষ্কৃতি লাভের অপার সৌভাগ্য লাভ করেন। এই রাতে আল্লাহ তায়ালা বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন, সে সঙ্গে আগামী এক বছরের জন্য মানুষের ভাগ্য নির্ধারণ করেন। এই রাতে মহান আল্লাহতায়ালার নূরের জ্যোতি পৃথিবীর নিকট আসমানে প্রকাশ পায়। আর এ সময়ই আল্লাহ তায়ালার মহান দরবারে ক্ষমা প্রার্থনার বিশেষ সময়। আল্লাহর নৈকট্য ও সান্নিধ্য লাভের এক দুর্লভ সুযোগ এনে দেয় এই মহিমান্বিত রজনী।
মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুল-ভ্রান্তি, পাপ-তাপের জন্য গভীর অনুশোচনায় মহান আল্লাহ তাআলার দরবারে সকাতরে ক্ষমা প্রার্থনা করেন। নফল নামাজ, জিকির-আজকার, পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বিনিদ্র রাত কাটিয়ে বিনম্র প্রার্থনা করেন ভবিষ্যৎ জীবনে পাপ-পঙ্কিলতা পরিহার করে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য।
একই সঙ্গে প্রয়াত আত্মীয়-স্বজনসহ চিরবিদায় নেয়া মুসলিম নর-নারীর কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এছাড়া পাড়া-মহল্লার মসজিদগুলোতেও সন্ধ্যার পর থেকেই মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অনেকে গভীর রাত পর্যন্ত ইবাদত-বন্দেগিতে মগ্ন থেকে শেষ রাতে সেহির খেয়ে পরদিন নফল রোজা রাখেন।শাবান মাসের পরেই আসে পবিত্র মাহে রমজান।
শবে বরাত মুসলমানদের কাছে রমজানের আগমনী বার্তা বয়ে আনে। শবে বরাতের মধ্য দিয়েই শুরু হয় রমজান মাসের সিয়াম সাধনার প্রস্তুতি।এ ছাড়া বাঙালি মুসলিম সমাজে শবে বরাতের একটি আনন্দঘন সামাজিক দিকও রয়েছে। এদিন মুসলমানদের বাড়িতে সাধ্যানুযায়ী হালুয়া, পায়েস, রুটিসহ উপাদেয় খাবার রান্না করা হয়। এসব খাবার আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীর বাড়িতে পাঠানো এবং গরিব-দুঃখীর মধ্যে বিতরণ করা হয়। অনেকে মুক্ত হস্তে দান-খয়রাত করে থাকেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। শবে বরাতের পরদিন অর্থাৎ কাল বুধবার সরকারি ছুটি। তবে সংবাদপত্রে আজ ছুটি থাকবে। তাই আগামীকাল পত্রিকা প্রকাশিত হবে না।
শবে বরাত উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মাগরিবের নামাজের পর থেকে শুরু করে ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতসহ রাতব্যাপী লাইলাতুল বরাতের তাৎপর্য নিয়ে আলোচনা, ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে।
এআর





