৫ জানুয়ারীকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে মূলত ঢাকার রাজপথে তৈরি হয়েছে অঘোষিত হরতালের চিত্র। পুরো রাজধানীতে থমথমে অবস্থা বিরাজ করছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাইরে বের হচ্ছেন না।
সোমবার সকাল থেকেই চলাচল করছে না কোনো গণপরিবহন। ফলে অফিসমুখী যাত্রীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে। দু-একজন পিকআপ ভ্যান বা রিকশায় করে গন্তব্যে যাচ্ছেন। সিমাহীন দুর্ভোগে পড়েন অসুস্থ রোগীরা।
এ বিষয়ে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, নিরপত্তার কারণে যানবাহন বের করা হয়নি। এদিকে, রাজধানীর রাজপথে মিছিল-মহড়া এবং অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
এদিন বিএনপিসহ ২০ দল ‘গণতন্ত্র হত্যা দিবস’এবং আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’উপলক্ষে পাল্টাপল্টি কর্মসূচি ঘোষণা করে। এরই মধ্যে রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে ০৫ জানুয়ারিকে কেন্দ্র করে রোববার থেকেই ঢাকামুখে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপত্তার জন্য দক্ষিণ থেকে লঞ্চ চলাচলও বন্ধ রাখে মালিকরা। সোমবার সকালে ঢাকার রাজপথ কার্যত যান চলাচল বন্ধ থাকে। প্রাইভেটকারও দেখা যায়নি রাজপথে। ফলে সকাল থেকে অফিসমুখী মানুষ বেশ দুর্ভোগে পড়ে যায়।
মিরপুর ১০ নম্বর গোল চত্বরে সকাল থেকে হাজার হাজার মানুষকে গণপরিবহনের জন্য নিষ্ফল অপেক্ষা করতে দেখা যায়।
একটি বেসরকারি কোম্পানির চাকরিজীবী খোরশেদ আলম বলেন, একঘণ্টা অপেক্ষা করে বাস না পেয়ে তিনি রিকশা-ভ্যানে করে মহাখালী পৌঁছেছেন।
অন্যদিকে রাজপথে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী সমমনা পেশাজীবী দলের নেতাকর্মীরা মহড়া ও অবস্থান কর্মসূচি পালন করছে।
এমকে





