ছোটবেলায় আমরা সবাই একটা কথা শুনেছি তাহলো- জনৈক ছাত্রকে জিজ্ঞাসা করা হয়েছিলো যে, ক্লাসে তোমার রোল কত? সে বলেছিলো ১। ছাত্র-ছাত্রী কতজন? উত্তর ছিল ১ জন।
ঠিক এমনি একটি ঘটনা ঘটেছে চট্টগ্রাম বোর্ডের রাউজান উপজেলার বিনাজুরি নবীন স্কুল এন্ড কলেজে। উচ্চমাধ্যমিকে এই কলেজ থেকে একজন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন। ওই শিক্ষার্থীর প্রাপ্ত গ্রেড-ডি এবং পয়েন্ট-১।
বৃহস্পতিবার এইচএসসি ফলাফল ঘোষণার পর জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে এবার ৩১৭টি কলেজ থেকে ৮০ হাজার ৭০৭ জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়েছেন।
এ বোর্ডে পাশের হার 'শূণ্য' এমন কলেজ নেই। তবে চারটি কলেজে পাশের হার শতভাগ। অর্থাৎ এই চার কলেজে ফেল করা পরীক্ষার্থী নেই।
বিনাজুরি নবীন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অমর কান্তি দত্ত বলেন, গত শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে কলেজের অনুমোদন পাওয়ায় মাত্র একজন ছাত্রী ভর্তি হয়েছিল। সে পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে।
এআই





