পৃথিবীর বৃহত্তম বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের আশপাশের ১০ কিলোমিটারের মধ্যে ১৯০ টি শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে ২৪টি প্রতিষ্ঠান লাল শ্রেণিভুক্ত। বাকিগুলো কমলা ও সবুজ শ্রেণিভুক্ত।
আজ (বৃহস্পতিবার) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষ। আগামী ৯ মে প্রতিবেদনের ওপর আদেশ দিবে আদালত।
এক রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ২০১৭ সালে সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে বর্তমানে কতগুলো শিল্প-কারখানা রয়েছে তার তালিকা দাখিলে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন- ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি এটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
সুন্দরবনের আশেপাশে ১০ কিলোমিটারের মধ্যে থাকা শিল্প-কারখানার অন্যত্র সরিয়ে নিতে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের সভাপতি শেখ ফরিদুল ইসলাম হাইকোর্টে ৪ এপ্রিল রিটটি দায়ের করেন।
রিটে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (ডিজি), খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও বরগুনা জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপার (এসপি) রেসপনডেন্ট (প্রতিপক্ষ) করা হয়।
এমবি





