বাংলাদেশের কোনো ব্যাটসম্যান ১০ হাজার রান পূর্ণ করবেন, কথাটি কয়েক বছর আগে শুনলেও অকল্পনীয় মনে হতো। কিন্তু তামিম যেভাবে খেলে যাচ্ছেন তাতে তাঁর লক্ষ্যটি খুব বেশি বাস্তব বলেই মনে হচ্ছে। টেস্টে না পারলেও ওয়ানডেতে সত্যিই ১০ হাজার রান পূর্ণ করতে পারেন বাংলাদেশের এই ওপেনার। তামিম নিজেও ঠিক তেমনটাই ভাবছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ বছরে অনেক সাফল্য তিনি উপহার দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটকে। এবার তামিম জানালেন যেকোনো একটি ফরম্যাটে ১০ হাজার রান করতে চাই।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র বিশেষ সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন, ‘আমি আরও ছয় বছর খেলতে চাই। সত্যিই আমি যেকোনো একটি ফরম্যাটে ১০ হাজার রান করতে চাই। টেস্টে সেটা কঠিন হবে বলে মনে হচ্ছে। তবে যদি আরও ১৫০টি ওয়ানডে খেলতে পারি তাহলে তা সম্ভব।’ তার হিসেবে ২০২২ সালে অবসর নেবেন তিনি।
ওয়ানডেতে ৩৯.৪৬, টেস্টে ৩১.৬৩ আর টি-টোয়েন্টিতে ২৪.৫৫ গড়ে ব্যাট করা তামিম জানান, ২০১০ সালটি আমার জন্য দুর্দান্ত ছিল। ২০১৫ সালেও আমি পরিকল্পনা করেছি কি কি অর্জন করতে হবে। পরিকল্পনা মতো আমার অর্জনগুলো ধরা দিয়েছে। চেয়েছিলাম ২০১৫ সালে সব ফরমেটে এক হাজার রান পূর্ণ করবো। লক্ষ্য ছিল টেস্টে এবং ওয়ানডেতে ৫০ এর উপরে ব্যাটিং গড় ধরে রাখবো। আমি সেটির কাছাকাছি করেছি। নিজের ব্যাটিংয়ের ফল দেখে তৃপ্ত হয়েছি।
পাঁচ বছর আগের কথা মনে করিয়ে দিয়ে তামিম জানান, তখন মোটামুটি ম্যাচের ফল বলে দেওয়া যেত। কিন্তু, এখন টাইগারদের সময় বদলেছে। বাংলাদেশ ক্রিকেটে অনেক উন্নতি করেছে। তামিমের মতে, লাল-সবুজরা ভালো পারফর্ম করছে দেখেই অন্য দলগুলো তাদের বিপক্ষে খেলতে চাইছে না।
২৭ বছর বয়সী তামিম টাইগারদের হয়ে তিন ফরম্যাটেই সর্বোচ্চ রানের মালিক। ১৫৩ ওয়ানডে ম্যাচে ৪ হাজার ৭১৩ রান করেছেন তিনি। সাদা পোশাকে ৪২টি টেস্ট ম্যাচ খেলে করেছেন ৩ হাজার ১১৮ রান। আর ৫২টি টি-টোয়েন্টি ম্যাচে বাঁহাতি এই ওপেনারের রান ১ হাজার ১৫৪।
এফএফ





