ইউরোপে বসবাসরত ইহুদিদেরকে তাদের 'নিজের বাড়ি' ইসরাইলে চলে আসার আহবান জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইহুদিদের উপাসনালয় সিনাগগে এক হামলার পর তিনি এ আহবান জানান। গত শনিবার রাতের ওই হামলায় দুই ইহুদিসহ তিনজন নিহত ও ৫ পুলিশ আহত হন। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।

এর আগেও বিভিন্ন সময়ে ইউরোপে বসবাসরত ইহুদিদেরকে ইসরাইলে চলে আসার আহবান জানান নেতানিয়াহু। নেতানিয়াহুর মতে, ইসরাইল হচ্ছে প্রত্যেক ইহুদির আবাসস্থল।

তিনি বলেন, "অবশ্যই, প্রত্যেক দেশের ইহুদিরাই নিরাপত্তা পাওয়ার দাবি রাখে। তবে, আমরা ইহুদিদেরকে বলবো, আপনারা আপনাদের নিজেদের বাড়ি ইসরাইলে চলে আসুন।" ইউরোপ থেকে সব ইহুদি চলে আসলেও তাদেরকে গ্রহণ করতে ইসরাইল প্রস্তুত বলেও জানান তিনি।

নেতানিয়াহু আরও জানান, ইউরোপ থেকে ইহুদিদেরকে ইসরাইলে আসতে আকৃষ্ট করতে ১৮০ মিলিয়ন শেকেলের (ইসরাইলি মুদ্রা, যা ৪৬ মার্কিন ডলারের সমমূল্য) এক আর্থিক প্যাকেজ পার্লামেন্টে উত্থাপন করতে যাচ্ছেন তিনি।

ইসরাইলে আসলে ইহুদিদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে বলেও ঘোষণা দেন নেতানিয়াহু। ইসরাইলি পত্রিকা হারেৎজ জানিয়েছে, নেতানিয়াহু সরকার ইউরোপ থেকে ইহুদিদের অভিবাসন দিগুণ করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এমএ