কলা, আপেল, আম ইত্যাদি ফল কেটে রাখার কিছুক্ষণ পরই কালচে হয়ে যায়। তবে লেবুর রস, বাতাস রোধী প্লাস্টিকের ব্যাগ এবং শীতল রাখার ব্যবস্থার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
আবার বাসাবাড়িতে অতিথি আসলে নাস্তার সঙ্গে ফল দেওয়ার প্রবণতা রয়েছে বাঙালির। এখানেও নানা ধরনের ফল কেটে সাজিয়ে দেওয়া হয় অতিথি আপ্যায়নে।
এ দিকে গ্রীষ্মকালে কাটা ফলে খানিকটা সময়ের মধ্যেই ব্যাকটিরিয়া জন্মায় এবং দ্রুত গতিতে বংশবিস্তার করে। আবার ফলের রস অক্সিজেনের সংস্পর্শে এলে কালচে রঙের হয়ে ফলের গায়ে বসে যায়। বিশেষ করে যেসব ফল একবারে সবটা খাওয়া যায় না, সে ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। অনেক সময় ফেলে দেওয়া ছাড়া উপায়ও থাকে না।
কিন্তু হাতের কাছে থাকা নানা উপাদানে সহজেই কাটা অবস্থাতেও ফল সতেজ রাখতে পারবেন। এবার কাটা ফল কিভাবে সতেজ রাখবেন, তা জেনে নিন...
লেবুর রস
এই উপাদান মেশালে কাটা ফল টাটকা থাকে ছয় থেকে আট ঘণ্টা। লেবুর অ্যাসিড অক্সিডেশন ঠেকিয়ে রাখতে সক্ষম। তাই ফল থেকে রস বেরিয়ে যায় না। তবে একসঙ্গে সব ফল না মিশিয়ে আলাদা আলাদা খাপে এক একটা ফল রেখে তাতে লেবুর রস মিশিয়ে রাখলে ফল বেশিক্ষণ টাটকা থাকবে।
বরফ পানি
এই উপাদানের সংস্পর্শে এলে ফল ভালো থাকে তিন থেকে চার ঘণ্টা। ফলে আইস কিউব রেখে টিপিন বাক্সে প্যাক করতে পারেন তা। অথবা বাড়িতে কেটে রাখা ফলে আইস কিউবে রেখে তা তুলে রাখুন ফ্রিজে। এতেও টাটকা থাকবে ফল।
ক্লিং ফিল্ম বা অ্যালুমিনিয়াম ফয়েল
ফলে লেবু বা সাইট্রিক অ্যাসিডের টক ভাব মেশাতে না চাইলে ক্লিং ফিল্ম বা অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখতে পারেন ফল। তবে ফয়েলের গায়ে কয়েকটা ফুটো করে রাখুন। এই ভাবে রাখলে ঘণ্টা দুয়েক টাটকা থাকবে ফল। তবে এতে অক্সিডেশন ঠেকানো যায় না।





