তাইওয়ানে গ্রীষ্মকালের প্রচণ্ড গরম উপেক্ষা করে রবিবার কয়েক হাজার লোক ইয়ুয়ান জাই নামের একটি পাণ্ডা শাবকের প্রথম জন্মদিন পালন করেছে। জাই এ দ্বীপটিতে জন্ম নেওয়া প্রথম পাণ্ডা শাবক। প্রায় তিন হাজার লোক ১০ কিলোমিটার দৌড়ে অংশ নেয়। এটা ছিল অনুষ্ঠানসূচির একটি অংশ।

মেয়ে পান্ডা ইয়ুয়ান জাইকে জন্মদিনের কেকের সঙ্গে উপস্থিত করা হলে দর্শনার্থীরা উল্লাশ প্রকাশ করে। এসময় বাবা-মার সঙ্গে আসা অনেক শিশুও এতে অংশ নেয়। আপেল, আনারস, গাজর ও কিসমিস দিয়ে চিড়িয়াখানার কর্মীরা কেকটি তৈরি করে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ‘ঝুয়া ঝোউ’ খেলায় শাবকটি যখন বিভিন্ন ধরনের কার্ড হাতে তুলে নেয়। এটা অনেক চীনা সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী খেলা। এক বছরের শিশুরা এ খেলা খেলে।

রীতি অনুযায়ী প্রথম যে কার্ডটি তুলে নেওয়া হবে সেটাই ভবিষ্যৎ কেরিয়ার বা সে কি হতে চায় তা নির্ণয় করবে।

প্রথমে ইউয়ান জাই বিভিন্ন কার্ডের মধ্যে চিত্রকর লেখা একটি কার্ড তুলে নেয়।
জানুয়ারিতে শাবকটিকে প্রথম জনসম্মুখে আনা হয়। এরপর থেকে তাইপে চিড়িয়াখানায় পাণ্ডাটিকে দেখতে প্রায়ই ভিড় জমে যায়।

জুন পর্যন্ত ছয় মাসে ২৪ লাখ দর্শনার্থী চিড়িয়াখানায় আসে। এটা দর্শনার্থীদের উপস্থিতির হার ২০১৩ সালের চেয়ে ৫০ শতাংশ বেশি।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই