আমেরিকার মাটিতে দ্বিতীয় ইবোলা রোগীর সন্ধান পাওয়া গেছে। এতে আমেরিকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ছে। এর আগে ফ্রান্স ও ব্রিটেনেও ইবোলা রোগীর সন্ধান পাওয়া গেছে। এতে করে সারাবিশ্বে রোগটি ছড়িয়ে পড়ার একটি আশংকাও তৈরি হয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।

আমেরিকার প্রথম ইবোলা আক্রান্ত টমাস এরিক ডানকান থেকে রোগটি এখন ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। তার মাধ্যমে দ্বিতীয় যে ব্যক্তিটি আক্রান্ত হন তিনি হলেন তারই চিকিৎসার কাজে নিয়োজিত দলের এক নার্স। অ্যাম্বার জয় ভিন্সন নামের ২৯ বছর বয়সী এই নার্স এখন নিজেই হাসপাতালে ভর্তি।

তবে, তিনি এই রোগ নিয়েই বিমানে ভ্রমণ করেছেন। ভ্রমণের পরে জানা গেছে তিনি ইবোলায় আক্রান্ত। এর কারণ, বিমান ভ্রমণের আগে তার দেহে ইবোলার প্রধান উপসর্গ জ্বরের লক্ষণ পাওয়া যায়নি। ইবোলার উপসর্গ দেখা যাওয়ার পর থেকেই তার বিমান ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিসিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন।

ডানকানের চিকিৎসায় নিয়োজিত ছিলেন প্রায় ১০০ জনের ডাক্তার, নার্স ও সহকারীদের একটি দল। তাকে টেক্সাসের হেলথ প্রেসবাইটেরিয়ান হসপিটালে ১০ দিন ধরে চিকিৎসা দেয়া হয়।

এত সতর্কতা সত্ত্বেও ইবোলা রোগটি কীভাবে একজন নার্সের মধ্যে ছড়িয়ে পড়লো তা রীতিমতো চিন্তায় ফেলেছে মার্কিন কর্তৃপক্ষকে। ইবোলা বিস্তার রোধে মার্কিন সামর্থ্যের বিষয়টিকেও প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষ করে যারা এই রোগের চিকিৎসায় কাজ করবেন তাদেরই স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এখন ধারণা করা হচ্ছে ওবামা প্রশাসন ইবোলা ইস্যুটিকে রাজনৈতিকীকরণ করার চেষ্টা করছে।

বারাক ওবামা বুধবার তার নির্ধারিত রোডি আইল্যান্ড এবং নিউ ইয়র্ক সিটি সফর বাতিল করেন। তিনি হোয়াইট হাউজে তার অফিসেই রয়েছেন। সেখানে তিনি ইবোলা নিয়ে সরকারের নীতি নির্ধারণে কাজ করছেন। আমেরিকার শহর ও অঙ্গরাজ্যগুলোতে এখন ইবোলা বিষয়ে ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, আমেরিকা থেকে পশ্চিম আফ্রিকায় ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহবান জানাচ্ছেন স্পিকারসহ অন্যান্য রাজনীতিবিদরা। ওবামা আরও ব্যাপকভাবে ইবোলার ওপর নজরদারির জন্য নির্দেশ দিয়েছেন।

ওবামা তার দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন, ইবোলা প্রতিরোধে তার সরকারের সক্ষমতার প্রতি আস্থা রাখার জন্য। ইবোলা রোগীর চিকিৎসায় যে চিকিৎসক ও নার্সের দলটি কাজ করছে তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলছেন বলেও জানান ওবামা। তাই তিনি ইবোলা সংক্রমণ রোধে কীভাবে আরও সতর্ক হতে হবে তা অনুধাবন করতে পারছেন। সূত্র: নিউইয়র্ক টাইমস

এসএমএ