পৃথিবীতে রোজ কত রকমের ঘটনাই না ঘটছে। তারপরও বছর দুয়েকের শিশুর সিগারেট ফোঁকা আর অবিরত বিয়ারের গ্লাসে চুমুক দেওয়ার দৃশ্য নিশ্চয়ই ঠিক প্রত্যাশিত নয়!
স্পেনের একটি ক্যাফের বাইরে তোলা এমনই এক ভিডিও বিশ্বে সমালোচনার ঝড় তুলেছে।
সম্প্রতি ফেসবুকে আপলোড করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই ক্যাফের বাইরে রোমানিয়ার এক নাগরিকের কোলে বসে থাকা এক ছেলেশিশু বিয়ারের গ্লাসে চুমুক দিচ্ছে। এর পরপরই সিগারেটে টান দিয়ে ধোঁয়াও ছাড়ছে।
একজন শিশুটির মুখে সিগারেট ধরিয়ে দিচ্ছেন, আর সেটা নিয়ে মজা করছেন আরেকজন। এ সময় একজনকে বলতে শোনা যায়, ‘সত্যিকারের চ্যাম্পিয়ন বানানো হচ্ছে।’
আরেকজন রোমানিয়ান নাগরিক ওই শিশুর সঙ্গে থাকা দুই যুবককে শনাক্ত করতে ভিডিওটি ফেসবুকে আপলোড করেছেন। স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তারা দুজনেই শিশুটিকে ধূমপান ও মদ্যপান করার জন্য উৎসাহিত করছিলেন।
কোলে করে রাখা লোকটি শিশুটির বাবা বলে মনে করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি।
একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘এ লোকটি শিশুসন্তানের প্রতি বাবার কর্তব্য লঙ্ঘন করেছেন। শিশু অধিকার রক্ষা কর্মকর্তাদের এ ব্যাপারে কিছু করা উচিত।’
মিহেলা স্টানসিউ নামের আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘যারা শিশুদের এ রকম অবস্থায় দেখতে চায়, তাদের সবাইকে খুঁজে বের করা উচিৎ। এটা করতে আমরা যদি ব্যর্থ হই, তাহলে বিকৃত ও অধঃপতিত মানুষে ভরে যাবে এ পৃথিবী।’
তথ্যসূত্র-ডেইলি মেইল।
এমএ





