আজ বুধবার জাতীয় ‘পতাকা উত্তোলন দিবস’। আজকের এই দিনে বাঙালিরা সমস্ত পৃথিবীর সামনে ঘটিয়েছিল এক বিরল ঘটনা।

নিজের অধিকার আর অস্তিত্বকে পতাকা উত্তোলনের মাধ্যমে তুলে ধরেছিল বিশ্বের সামনে।হাজার বছরের বাঙালির যে সংগ্রাম তারই চূড়ান্ত একটি পর্যায় লাল সবুজের এই পতাকা। এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি জনতার আবেগ আর অনুভূতি।

নিষ্পাপ মুখ এই সরল শ্রদ্ধা আর সবটুকু ভালবাসা নিজের পতাকার জন্য। আর এই জাতীয় পতাকার সাথে মিশে আছে একটি দেশের জন্মের ইতিহাস আর সংস্কৃতি।

৪৫ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে প্রথম উত্তোলন করা হয় সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝে বাংলাদেশের মানচিত্র খোচিত পতাকা। যা স্বাধীনতা যুদ্ধের সময় পুরো জাতিকে প্রেরণা জোগায়।

জাতীয় পতাকা একটি রাষ্ট্রের পরিচয় জাতীয়তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এই পতাকা তৈরির রয়েছে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৭০ সালের ৬ জুন রাতে ঢাকার নিউ মার্কেট থেকে সবুজ কাপড়ের মাঝে লাল একটি বৃত্ত সেলাই করে আনা হয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কায়েদে আজম হলে, যা এখন তিতুমীর হল। কামরুল আলম খান খসরুর হাতে আনা কাপড়টি তখনও পতাকা হয়ে ওঠেনি। ছাত্র নেতা শিবনারয়ণ দাশ নিপুন হাতে লাল বৃত্তের মাঝে মানচিত্র এঁকে পতাকাটির চূড়ান্ত রূপ দেন।

এর প্রায় ন’মাস পর ১৯৭১ সালের ২ মার্চ ঢাকায় কারফিউ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয় মুক্তিকামী ছাত্র, পেশাজীবীরা। তাদের সামনেই প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন ছাত্র নেতা আ স ম আব্দুর রব।

মুক্তিযুদ্ধের নয় মাস এই পতাকাই মুক্তিযোদ্ধাদের প্রেরণার উৎস জোগায়। দেশ স্বাধীন হবার পর ১২ জানুয়ারি, ১৯৭২ সালে পতাকা থেকে মানচিত্রটি সরিয়ে কাঠামগত রূপ দেন শিল্পী কামরুল হাসান।পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্তের মাপ নির্দিষ্ট করা হয় ১০ অনুপাত ৬। প্রণীত হয় জাতীয় পতাকার ব্যবহারবিধি।

২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর, ঈদ- এ- মিলাদুন্নবীর দিন সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে পতাকা অর্ধনমিত রাখার বিধান করা হয়। জাতীয় পতাকা শুধু একটি কাপড় নয়, জাতির স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক। তাই ব্যবহারযোগ্য না হলে একে সমাধিস্ত করার বিধান রয়েছে।

জাতীয় পতাকার ব্যবহারবিধি না মানা শাস্তিযোগ্য একটি অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রেখে জাতীয় পতাকা বিধিমালা সংশোধন করা হয় ২০১০ সালে।

তবে বর্তমানে জাতীয় পতাকার ব্যবহারে দেখা যায় অযত্ন আর অবহেলা। আইন থাকলেও তা মানা হয় না অনেক সময়। জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ এ বলা আছে, ইচ্ছা করলেই যে কেউ গাড়িতে পতাকা ব্যবহার করতে পারেন না। পতাকা এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে তা নষ্ট হয়। রাজনৈতিক প্রচারণাতেও পতাকা ব্যবহার একটি অপরাধ।

তৎকালীন ছাত্র নেতা নূর এ আলম সিদ্দিকী বলেন, 'পতাকা শুধু এক টুকরো কাপড় নয়, এটি হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। এখনও পতাকার মর্যাদা ঠিকমতো রক্ষা হচ্ছে না। যাদের রক্তে দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি এটি একটি নিদারুণ উপেক্ষা।'

আজ বেলা ১১টায় কলাভবনসংলগ্ন বটতলা প্রাঙ্গণে আলোচনা ও সংগীতানুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি পালিত হবে। কর্মসূচির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

উপ-উপাচার্য (শিক্ষা) ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে এতে আরও উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ কামাল উদ্দীন, কলা অনুষদের ডিন মো. আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রমুখ।

ওএফ