শুক্রবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। ফলে এক ফালি বাঁকা চাঁদের অপেক্ষায় এখন পুরো দেশ।

সৌদি আরবসহ বিশ্বের বেশ কয়েকটি মুসলিম দেশে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। ওইসব দেশের সঙ্গে মিল রেখে বাংলাদেশের শতাধিক গ্রামেও ঈদ উদযাপিত হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় সবার মুখে মুখে থাকবে চাঁদ কি উঠেছে? সবার উৎসুক চোখ খুঁজে বেড়াবে পশ্চিম আকাশে এক ফালি বাঁকা চাঁদ। ঈদ শনিবার নাকি রবিবার হবে, তা নির্ভর করবে এই এক ফালি বাঁকা চাঁদের ওপর।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে সোমবার সন্ধ্যায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩,৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭,৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ, জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ঈদ উপলক্ষ্যে রাজধানী ঢাকাও সেজেছে বর্ণিল সাজে। নগরীর সড়ক দ্বীপগুলো ছাড়াও বিভিন্ন রাস্তায় বাংলা ও আরবিতে লেখা ঈদ মোবারক ও কালেমার ব্যানার। সঙ্গে রয়েছে লাল-সবুজে বাংলাদেশের জাতীয় পতাকা।

এদিকে, সারাদেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঈদের দিন রাজধানীতে হালকা এবং দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, শনিবার সারাদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি এবং ঢাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।

এছাড়া প্রতিবারের মত এবারো দেশের সর্ববৃহৎ ঈদ জামাত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে। মাঠের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের পরিচালনায় সকাল সাড়ে আটটায় এ জামাত অনুষ্ঠিত হবে।

মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য এবার সরকারিভাবে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভোর পাঁচটায় ময়মনসিংহ থেকে একটি এবং সকাল ছয়টায় ভৈরব থেকে একটি ট্রেন শোলাকিয়া মাঠের উদ্দেশে ছেড়ে যাবে।

আরবি শাওয়াল মাসের ক্ষীণদেহ প্রথম চাঁদ হয়তো আজই দিনাবসানে জানিয়ে দেবে, ঈদ এসেছে। আর চাঁদ দেখা গেলেই উৎসব শুরু হবে পাড়া-মহল্লায়, সারা দেশে। ছোট শিশুরা ঈদের আনন্দে মেতে উঠবে। বেতার-টেলিভিশনে বাজতে থাকবে কবি নজরুলের ঈদের অমর আগমনী গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ’।

ঘরে ঘরে শুরু হবে সাধ্যমতো উপাদেয় খাবারের আয়োজনের তোড়জোড়। এই আয়োজনে থাকবে সেমাই, ফিরনি, পায়েস, পোলাও আর মাংসের নানা পদ।

ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। রমজান মাসের টানা এক মাস কঠোর সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর বিশ্বের মুসলমান সম্প্রদায় রোজা ভঙ্গ করে আল্লাহর প্রতি শুকরিয়াস্বরূপ যে আনন্দ-উৎসব উদযাপন করেন, সেটিই ঈদুল ফিতর।

ঈদ ধনী-গরিব সব মানুষের মহামিলনের বার্তা নিয়ে আসে। ঈদের দিন ধনী-গরিব, মালিক-শ্রমিক নির্বিশেষে সব মুসলমান এক কাতারে ঈদের নামাজ আদায় এবং একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। এতে ধ্বনিত হয় সাম্যের জয়গান।

এদিক থেকে ঈদ কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, ইসলামের সাম্য আর ভ্রাতৃত্বের আদর্শও উদ্ভাসিত হয় এই উৎসবে।

এসএইচ