ওরা সফল। ওরা কৃতি শিক্ষার্থী। কারাগারের বিশাল প্রাচীরও ওদের বাধা দিতে পারেনি। চার দেয়ালে বন্দি থেকেও ওরা কৃতিত্ব অর্জন করেছে। অন্ধকারের মাঝে জ্বালিয়েছে আশার আলো। এবারের এইচএসসি পরীক্ষায় তারা ভালো ফলাফল লাভ করেছে। জিপিএ-৫ পাওয়ার গৌরবও অর্জন করেছে তাদের কেউ।
জানা যায়, বিভিন্ন মামলায় পরীক্ষা চলাকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন অহিদুর, পলাশ, মতিন ও রিপনসহ ১৯ জন। এদের মধ্যে তিনজন বাদে সকলেই উত্তীর্ণ হয়েছেন এবারের এইচএসসি পরীক্ষায়। কারাগারে বন্দি থেকেই রাজশাহী-১/১০১ কেন্দ্রের অধীন এবারের পরীক্ষায় অংশ নেন তারা।
এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন নগরীর নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থী অহিদুল ইসলাম (হাজতি নং-১৮৮৩)। রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সামসুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, বিভিন্ন মামলায় তারা কারাগারে বন্দি ছিলেন। নিয়ম মেনেই কারা অভ্যন্তরে পরীক্ষায় অংশ নেন তারা।
উত্তীর্ণ বাকিদের মধ্যে আইডিয়াল কলেজের শিক্ষার্থী ইউসুফ আহম্মেদ পলাশ (হাজতি নং-১০৭৯/এ) জিপিএ ৪.৭০, রাজশাহী সরকারি সিটি কলেজের শিক্ষার্থী আবদুল মতিন (হাজতি নং-৭০৭১/এ) জিপিএ ৪.৬৭, ওই কলেজের শিক্ষার্থী কাজিমুল ইসলাম (হাজতি নং-২১৭১/এ) জিপিএ ৪.০৮, কুদ্দুস আলী (হাজতি নং-১৮২৬/এ),
মোহাম্মদ বিন সুলতান (হাজতি নং-৩৬৩৮/এ) ও সুজন আলী (হাজতি নং-৭৪৯৭/এ) জিপিএ ৪.০০, আবদুর রহিম (হাজতি নং-৩৫৯৫/এ) জিপিএ ৩.৭৫, শাহাবুর রহমান (হাজতি নং-৩৯৯১/এ) জিপিএ ৩.৬৭, জাহাঙ্গীর আলম (হাজতি নং-১৩২১/এ) জিপিএ ৩.৫৮, রিপন আলী (হাজতি নং-৪৭০৫/এ) জিপিএ ৩.৫০, মমতাজুর রহমান (হাজতি নং-৪০৪৪/এ),
খোরশেদ বাবু (হাজতি নং-৪৫৮০/এ) ও নুরুজ্জামান (হাজতি নং-৪০৪৫/এ) জিপিএ ৩.৪২, শাকিল আহমেদ (হাজতি নং-২১১১/১৫) জিপিএ ৩.৩৩ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান (হাজতি নং-৮৯৩/১৫) জিপিএ ২.৪০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
এআর





