দক্ষিণ কোরীয়রা ২৭৫০ সালের মধ্যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে বলে নতুন এক গবেষণা থেকে জানা গেছে। এ হিসেবে তারা আর সর্বোচ্চ ৭৩৬ বছর টিকতে পারবে। গবেষণাটি পরিচালনা করেছে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টারি কমিটি। গবেষণা প্রতিবেদনটি মঙ্গলবার দেশটির পার্লামেন্টে উপস্থাপন করা হয়। দক্ষিণ কোরিয়ার 'ছুসান ইলবো' পত্রিকার বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক দি ইনডিপেনডেন্ট।
দক্ষিণ কোরিয়ানদের এই বিলুপ্ত হওয়ার পিছনে একমাত্র কারণ হবে নিম্ন জন্মহার। দেশটির মহিলাদের সন্তান জন্মদানের হার ১.১৯ শতাংশ। এভাবে চলতে থাকলে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সর্বশেষ শিশুটি জন্ম নিতে পারে ২৫০৫ সালে। আর ২৬২১ সালে সর্বশেষ কোরীয় ব্যক্তিটি জনমানবহীন কোরিয়া ছেড়ে বিশ্বের অন্য কোথাও পাড়ি জমাবেন।
দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুশান সবচেয়ে আগে জনশূন্য হবে। শহরটিতে ২৪১৩ সালে সর্বশেষ শিশুটি জন্ম নিতে পারে। শহরটিতে এখনই বৃদ্ধ লোকের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে।
দেশটিতে বর্তমানে জনসংখ্যা হচ্ছে ৫০ মিলিয়ন অর্থ্যাৎ ৫ কোটি। ২০৫৬ সালের মধ্যে এই জনসংখ্যা গিয়ে দাঁড়াবে ৪ কোটিতে। আর এর পরে মাত্র ৪৪ বছরে আরও ২ কোটি মানুষ কমে যাবে, অর্থ্যাৎ ২১০০ সালে গিয়ে দেশটিতে লোকসংখ্যা দাঁড়াবে মাত্র ২ কোটিতে।
দেশটির মাতৃ উর্বরতার হার এর প্রত্যাশার চেয়ে অনেক কম। এই হার প্রতিবেশী চীনের চেয়েও অনেক কম; যদিও চীনে এক শিশু নীতি চালু রয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালে জাপানে অনুরূপ একটি গবেষণায় জানা গেছে, ৩০১১ সালের মধ্যে জাপানিরা বিলুপ্ত হয়ে যাবে। বিশ্বের অনেক দেশই নিম্ম জন্মহারে ভুগছে। এর ফলে জনসংখ্যা বৃদ্ধি তো হচ্ছেই না, বরং তা দিনদিন কমে আসছে। এভাবে কমতে কমতে একসময় একেকটি জাতি বিলুপ্ত হয়ে যাবার আশংকা দেখা দিচ্ছে। এসব জাতির তালিকায় উন্নত বিশ্বের দেশগুলোই মূলত রয়েছে। সূত্র: দি ইনডিপেনডেন্ট
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





