প্রতিবছরের আমাদের মাঝে ফিরে আসে বাংলা নববর্ষ। এ নববর্ষকে ঘিরে বেড়ে যায় ইলিশের কদর। সাধ ও সাধ্যের সাথে মিল করতে না পেরে হিমশিম খেতে হয় নিম্ন আয়ের লোকদের। তবুও যেন নববর্ষকে ইলিশ দিয়ে বরণ না করলে অপূর্ণই থেকে যায় দিনটি।

 

আমাদের দেশে এখন প্রায় দূর্লভ বস্তুতে পরিণত হয়েছে ইলিশ। নিম্ন আয়ের লোকদের জন্য তা ক্রয় করা খুবই অসম্ভব হয়ে উঠেছে। প্রতিবছরই পহেলা বৈশাখ আসার ঠিক আগ মুহূর্তেই বেড়ে যায় কিছু অসাধু ব্যবসায়ীর দৌরাত্ব।অধিক মুনাফা লাভের আশায় তারা ভুলে যায় মানবিক দিকগুলো। তারা সিন্ডিকেটের মাধ্যমে ইলিশের দর চড়া করে রাখে। তাই ইলিশ খাওয়া সাধারণ মানুষের শুধু স্বপ্নই থেকে যায়।

রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর বাজার, পার্শ্ববর্তি রজনীগন্ধা সুপার মার্কেট (কচুক্ষেত), ভাষাণটেক বাজার ও ধামলকোট বাজার ঘুড়ে দেখা গেছে পহেলা বৈশাখকে ঘিড়ে স্বাভাবিকের তুলনায় ইলিশের দাম বেড়েছে কয়েকগুন।

 

এসব বাজারগুলোতে ৯০০-১০০০ গ্রামের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে ১হাজার ৩শ টাকা থেকে ১হাজার ৫শ টাকা করে। জাটকা ইলিশ (৯ ইঞ্চি থেকে ছোট) প্রতি হালি (১কেজি পরিমান) বিক্রি হচ্ছে ৫শ ৫০টাকা থেকে ৬শ ৬০টাকা করে। এছাড়াও নববর্ষকে ঘিড়ে বেড়েছে গরুর গোশত ও ব্রয়লার মুরগির দাম।

 

রজনীগন্ধা সুপার মার্কেটে ইলিশ ক্রয় করতে আসা মো. রফিক (৫৫) বলেন, আমার নাতির কান্নাকাটি ও আবদার রাখতে ৩০০-৩৫০গ্রামের একটি কিনেছি ৩শ ৫০টাকায়। 'বাবা এটা কেনার সাধ্য আমার নেই'।

 

অপর এক ক্রেতা রোকসানা বেগম বলেন, বাংলা নববর্ষকে উদযাপনের যে সংস্কৃতি আমাদের ছেলে-মেয়েদের মধ্যে ঢুকেছে এটা না মেনে আমাদের কোনো উপায় নেই। তাই ছেলে-মেয়েদের চাহিদা পূরণ করতে এক প্রকার বাধ্য হয়েই বেশি দামে ইলিশ কিনতে হচ্ছে।

 

দাম এত বেশি কেনো জানতে চাইলে ইলিশ বিক্রেতা মো. আলম বলেন, আমাদের বেশি দামে কিনে আনতে হয় তাই বেশি দামে বিক্রি করতে হয়। কাঁচা ইলিশ ও কোল্ড স্টোরেজ ইলিশ এ দু'ধরণের ইলিশ আমরা বিক্রি করি।

 

কাঁচা ইলিশ ও কোল্ড স্টোরেজ ইলিশ কি জানতে চাইলে তিনি বলেন, যেটা বরফের মাছ সেটা কাঁচা ইলিশ আর যেটা দীর্ঘদিন যাবত কোল্ড স্টোরেজে (হিমাগার) রাখা হয়েছে সেটা কোল্ড স্টোরেজ ইলিশ। উভয় মাছে মূল্যের পার্থক্য জানতে চাইলে তিনি বলেন, কাঁচা মাছের দাম ২শ থেকে ৩শ টাকা বেশি।

 

কোনটি কাঁচা আর কোনটি পাকা সাধারণ মানুষ কি বোঝেন সেটা; নাকি দুটোই কাঁচা নিয়ে যাচ্ছেন! যখন ইলিশ ক্রয়টা জরুরী তখন দীর্ঘদিন যাবত কোল্ড স্টোরেজে (হিমাগার) রাখা এ মাছ কতটা সুস্বাদু সে হিসাব মিলাবার সময় কোথায়। হিসাব শুধু একটাই পান্তা-ইলিশ খেয়ে লাল-সাদা জামা পড়ে নববর্ষকে বরণ করা।

 

খুচরা বিক্রেতা ও ক্রেতারা মনে করছেন, পাইকারী ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বেড়ে গেছে ইলিশের দাম। আর তাদের কাছে জিম্মি হয়ে আছেন খুচরা বিক্রেতা ও ক্রেতারা। প্রশাসনের যথাযত নজরদারী থাকলে খুচরা বাজারে মূল্য নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন তারা।

 

এমকে