আজ শনিবার নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় মৃত্যু। ২০১২ সালের ১৯ জুলাই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন তিনি। সমসাময়িক যুগে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দী এক কথা সাহিত্যিক।

হুমায়ুন আহমেদের গল্প উপন্যাসের মতো গানও হৃদয়স্পর্শী। মৃত্যুদিনে তাকে স্মরণ করার পাশাপাশি তার সৃষ্টিকেও স্মরণ করবে অনুরাগীরা।

তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় হুমায়ুন আহমেদের হাতে গড়া স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ দু,দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।

কথাসাহিত্যিক। স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদকে বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যেরও পথিকৃৎ বলা হয়।

নাট্যকার হিসেবে যেমন নন্দিত চলচ্চিত্রকার হিসেবেও তিনি তেমনই সমাদৃত। বাংলা কথাসাহিত্যের সংলাপ প্রবণে নতুন শৈলীর জনক হুমায়ুন আহমেদের দুই শতাধিক গ্রন্থের বেশকিছু পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

১৩ নভেম্বর ১৯৪৮ সালে নেত্রকোনা জেলার কুতুবপুর গ্রামে জন্ম গ্রহণ করেন বাংলা সাহিত্যের এই প্রবাদ পুরুষ। বাবার চাকরির সুবাদে তার শৈশব কেটেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। ফলে তিনি দেখেছেন বহু মানুষ এবং তাদের জীবনানুভূতি।

তিনি লেখাপড়া করেছেন বগুড়া জেলা স্কুল, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে।

অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে সবকিছু ছেড়ে লেখালেখি নাটক আর চলচ্চিত্র নির্মাণই হয়ে ওঠে তার একমাত্র নেশা ও পেশা।

‘একটা ছিলো সোনার কন্যা, মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিলো সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কী মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া
তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে
নাও দৌড়াইয়া চলি...’সহ
অসংখ্য জনপ্রিয় গানের জনক হুমাযূন আহমেদ।

তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে, দেয়াল, নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, জোছনা ও জননীর গল্প, বহুব্রীহি, গৌরীপুর জাংশান, দ্বিতীয় মানব, মধ্যাহ্ন এবং হিমু-সংক্রান্ত প্রায় ২৪টি সিরিজ উপন্যাস।

এসব দিন রাত্রি, কোথাও কেউ নেই, অয়োময়, নক্ষত্রের রাত, বহুব্রীহি,আজ রবিবার, তারা তিনজন ইত্যাদি তার উল্লেখ যোগ্য টিভি নাটক।
তার চলচিত্রের মধ্যে রয়েছে, আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, শ্যামল ছায়া, ঘেটুপুত্র কমলা।

হুমায়ুন আহমেদ তার সাহিত্যের স্বীকৃতি পেয়েছেন বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শিশু একাডেমী পুরস্কার, লেখক শিবির পুরস্কার, মাইকেল মধুসূদন পদক, বাচসাস পুরস্কার, হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কারসহ অসংখ্য পুরুস্কার।

গাজীপুরের নুহাশ পল্লীতে বাংলা সাহিত্যের নন্দিত এ মহাপুরুষ চিরনিদ্রায় সমাহিত হন।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর