ইরাক ও সিরিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) আজ একটি বৈশ্বিক হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। তাই এর মোকাবেলাও করতে হবে পুরো বিশ্বকেই। সোমবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল আইএস বিরোধী এক সম্মেলন। এতে ৪০টি দেশের পররাষ্ট্রমন্ত্রী যোগ দিয়ে আইএস-কে দমনে একটি জোট গঠন করেছেন। ৪০টি দেশের মধ্যে ১০টি আরব দেশও রয়েছে। খবর বিবিসি ও আল জাজিরার।
আইএস-কে নিশ্চিহ্ন করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। তার এ আহ্বানে সম্মেলনে উপস্থিত সব দেশই সায় দিয়েছে।
সম্মেলন থেকে আইএস-কে মোকাবেলায় কৌশল বা স্ট্রাটেজি অবলম্বনের বিষয়েও আলোচনা হয়। সম্মেলনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য ছাড়াও আরব উপসাগরীয় দেশগুলো উপস্থিত ছিল।
সম্মেলনে ইরাকের প্রেসিডেন্ট ফাওয়াদ মাসুম বলেন, "সন্ত্রাসীদের অব্স্থানে বিমান হামলা শুরুর জন্য আমি আহ্বান জানাচ্ছি। তাদেরকে আর নিরাপদে এগিয়ে যেতে দেওয়া যায় না।"
সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তার প্রেসিডেন্ট ওবামার আইএস-বিরোধী পরিকল্পনার পক্ষে সমর্থন আশা করেন। গত সপ্তাহে বারাক ওবামা তার আইএস-বিরোধী পরিকল্পনা প্রকাশ করেন।
উল্লেখ্য, আইএস তাদের হাতে আটক পশ্চিমা নাগরিকদের একের পর এক গলা কেটে হত্যা করছে আর এর ভিডিও চিত্র ইউটিউবে প্রকাশ করছে। গত শনিবার ডেভিড হাইনেস নামক এক ব্রিটিশ ত্রাণকর্মীকে গলা কেটে হত্যার ভিডিও প্রকাশ করে আইএস জঙ্গিরা। এর আগে দুই মার্কিন সাংবাদিককে একই কায়দায় হত্যার ভিডিও প্রকাশ করে তারা।
উল্লেখ্য, ইরাকের উত্তর-পশ্চিম ও সিরিয়া উত্তর-পূর্বাঞ্চলীয় বিশাল এলাকা এখন আইএস-এর নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র: আল জাজিরা ও বিবিসি
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





