হাত ছিল না। তবে তা পড়ালেখার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পা দিয়ে লিখেই ২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে বিউটি খাতুন নামের এক শিক্ষার্থী।

বিউটি খাতুন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বায়েজিদ আলীর কন্যা। সে স্থানীয় আকলাশ শিবপুর শ্যামপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রী।

বিউটি খাতুনের ভূমিহীন বাবা বায়েজিদ আলী প্রামাণিক বলেন, ‘জন্ম থেকে প্রতিবন্ধী মেয়েটি শিশুকাল থেকেই পড়ালেখার প্রতি প্রবল আগ্রহী হওয়ায় তার মা রহিমা বিবি পা দিয়ে লেখার অভ্যাস করান। নিজ প্রচেষ্টা আর মায়ের অনুপ্রেরণায় বিউটি এবার জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।"

স্কুলের প্রধান শিক্ষক আকাম উদ্দিন আকন্দ বলেন, ‘বিউটি প্রতিবন্ধী হলেও অত্যন্ত মেধাবী। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক তার ব্যাপারে যত্নবান এবং তার সকল প্রকার ফি মওকুফ করা হয়েছে।’

বিউটি খাতুন বলেন, ভূমিহীন পিতার পক্ষে হয়তো বা তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা সম্ভব হবে না। তবু লেখাপড়ার সুযোগ পেলে ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হয়ে অসহায় মানুষের চিকিৎসাসেবায় নিজেকে নিবেদিত করতে চান।

জেডআই