পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে ঢাকা থেকে ফেরার সময়ে কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে তাঁর এক সফরসঙ্গীকে। খবর বিবিসি।
আর্থিক অপরাধের অভিযোগে দিল্লি পুলিশ শিবাজী পাঁজা নামের ওই ব্যবসায়ীর নামে লুক আউট নোটিস জারি করেছিল।
গতরাতে মমতা ব্যানার্জী ও তাঁর সফরসঙ্গীরা ঢাকা থেকে কলকাতায় পৌঁছবার পরে অভিবাসন বা ইমিগ্রেশন দপ্তর মি. পাঁজাকে আটক করে।
বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হলে তাঁকে রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
অভিবাসন দপ্তরের সূত্রগুলি বলছে ১৯ ফেব্রুয়ারী দিল্লি পুলিশ ওই লুক আউট নোটিস পাঠিয়েছিল, কিন্তু তার আগেই মমতা ব্যানার্জীর সঙ্গে শিবাজী পাঁজা ঢাকা চলে গিয়েছিলেন।
শনিবার রাতে কলকাতা বিমানবন্দরে নামার পরে পাসপোর্ট পরীক্ষার সময়ে লুক আউট নোটিস দেখা যায়।
দিল্লি পুলিশ ঠিক কী আর্থিক অপরাধের জন্য মি. পাঁজার বিরুদ্ধে লুক আউট নোটস জারি করেছে, সেটা এখনও স্পষ্ট নয়।
তবে তাঁকে গ্রেপ্তারের পরেই দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে একটি বিশেষ দল কলকাতায় আসছে বলে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার হওয়ার পরে মি. পাঁজা অসুস্থ হয়ে পড়েছিলেন বলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ ব্যারাকপুর আদালতে হাজির করানো হবে।
এএইচ





