২৭ কেজি ২০০ গ্রাম ওজন একটি বিশাল আকৃতির কাতল মাছ ধরা পড়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে। বিশাল আকৃতির কাতল মাছের দাম প্রায় ৪৯ হাজার টাকা! যার প্রতি কেজি মাছের দাম ১ হাজার ৭০০ টাকা।

বুধবার সকালে দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকায় বক্কার হলদার নামের এক জেলের জালে এ কাতল মাছটি ধরা পড়ে।

এ বিষয়ে জেলে বক্কার হলদার বলেন, পদ্মা নদীর দৌলতদিয়া ৬ নং ফেরিঘাট হয়ে নৌকা মাঝ নদীতে নিয়ে যাই। সেখানে গিয়ে জাল ফেলার কিছুক্ষণ পরই অনুভব করি জাল অনেক ভারী হয়ে আছে। অনেক কষ্টে জাল নৌকায় সাবধানে টেনে তুলে দেখি বিশাল আকৃতির এই কাতল মাছ। এটি পেয়ে সত্যিই আমি অনেক আনন্দিত। আমার জেলে জীবনে পাওয়া এটিই সবচেয়ে বড় কাতল মাছ।

দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান সম্রাট জানান, বক্কারের সেই কাতলটি আমি কিনে নিয়েছি। এতো বড় কাতল মাছের তেমন একটা দেখা মেলে না।

তিনি আরও বলেন, মাছটি কিনে আমি টাঙ্গাইলের এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৪৮ হাজার ৯৬০ টাকায় বিক্রি করেছি।

এএস