শুরু হলে শেষ হবেই। এ যেন জগতের চিরন্তন নিয়ম। এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আজ সোমবার শেষ হবে ভাষার মাস। সেই সাথে শেষ হবে অমর একুশে গ্রন্থমেলা। শেষ হবে বই পোকাদের উৎসব। পুরো একটি মাস বাংলার মানুষ ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে যে বই মেলার আয়োজন করে তা বিশ্বের ইতিহাসে নজীরবিহীন দৃষ্টান্ত উপস্থাপন করে।

ভাষার মাস শেষ হলেও ভাষা যেমন হৃদয়ে থেকে যাবে ঠিক তেমনি ভাষা শহীদদের নামও বাঙালী জাতির অন্তরে গেঁথে থাকবে। আর ফেব্রুয়ারি মানেই একুশে ফেব্রুয়ারি আর অমর একুশে গ্রন্থমেলা। ভাষার এই একটি মাসে বইমেলা বইপ্রেমীদের মনে বইপড়ার প্রতি যে উদ্দীপনা ও উৎসাহ সৃষ্টি করে বাংলার মানুষ পুরো একটি বছর তা স্মরণ করে রাখবে।

মেলায় যারা নিয়মিত বা অনিয়মিতভাবে আসতেন তারা শেষ দিনেও হাজিরা দিতে চান। আর যারা আগে আসেননি, তারাও বঞ্চিত হতে চান না এই প্রাণের উৎসব থেকে। সে কারণে শেষ দিনে মেলা প্রাঙ্গণে মানুষের ঢল নামবে বলে আশা করছেন প্রকাশক এবং বিক্রয়কর্মীরা।

এদিকে গতকাল বিকেল থেকেই গ্রন্থমেলায় নেমেছিল মানুষের ঢল। প্রায় সবার হাতে হাতে ছিল বই। কিছু স্টলে ছিল উপচে পড়া ভিড়। বই কিনে সবাই হাসিমুখে বাড়ি ফিরছেন। ভিড় ঠেলে, স্টলের সামনে দীর্ঘসময় অপেক্ষা করে বই সংগ্রহ করেছেন অনেকেই। মা-বাবা, ছেলে-মেয়েদের নিয়ে ঘুরে ঘুরে কিনেছেন বই। কেউ কেউ ছবি তুলেছেন মেলায় আসা প্রিয় লেখকের সঙ্গে, অনেকে নিয়েছেন অটোগ্রাফ। ছবি তুলছেন ভাষাশহীদদের প্রতিকৃতিসহ একাডেমির বিভিন্ন অবকাঠামোর সামনে দাঁড়িয়ে।

বন্ধুদের নিয়ে মেলা প্রাঙ্গণ ঘুরে আড্ডায় দিন কাটিয়েছেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রকাশকরাও শেষবারের মতো নতুন প্রকাশনা আর শেষ হয়ে যাওয়া বইয়ের নতুন মুদ্রণ নিয়ে দৌড়-ঝাপ করেছেন।

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছিল এবারের বইমেলা। একটি স্টলে আগুন দেওয়ার চেষ্টা ছাড়া বড় ধরনের অপ্রীতিকর ঘটনায় ছাড়াই ভালোভাবে শেষ হচ্ছে এবারের আয়োজন। অন্যান্য বছরের তুলনায় মেলার পরিধি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভালো থাকায় স্বাচ্ছন্দ্যে বই কিনেছেন পাঠকরা।

তবে মেলার শেষের দিকে শিলাবৃষ্টিতে কিছুটা ক্ষতির সম্মুখীন হন প্রকাশকরা। এই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে কয়েক ঘণ্টা সময় বাড়ানো হলেও গ্রন্থমেলার সময় আরো বাড়ানো দাবি করেছেন প্রকাশকরা। কিন্তু এ বিষয়ে বাংলা একাডেমি কর্তৃপক্ষের বক্তব্য সুস্পষ্ট। ফেব্রুয়ারি মাসের বাইরে মেলার সময় একদিনও বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি সাথে এই বইমেলার যোগসূত্র রয়েছে। তাই কোনোভাবেই এই ঐতিহ্য ভেঙে বইমেলার সময় বাড়ানো সম্ভব নয়। একাডেমির এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার শেষ হচ্ছে বই নিয়ে দেশের সবচেয়ে বড় মেলা ‘অমর একুশে গ্রন্থমেলা’।

ওএফ