কোমলমতি শিশুদের ইন্টারনেটের প্রতি আসক্তি কমাতে ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়ার একটি শহর কর্তৃপক্ষ।

জানা গেছে, ইন্টারনেট থেকে দেশটির শিশুদের দূরে রাখতে মুরগির বাচ্চা এবং মরিচের বীজ দেয়া হয়েছে।

সিএনএন জানায়, রাজধানী জাকার্তার দক্ষিণ-পশ্চিমে বানডাং শহর কর্তৃপক্ষ দুই হাজার মুরগির বাচ্চা ও দেড় হাজার মরিচের বীজ বিতরণ করেছে।

মোবাইল ফোনের আসক্তি কমাতে সেখানে শিশুদের হাতে তুলে দেওয়া হচ্ছে জীবন্ত মুরগির বাচ্চা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ব্যানডাংয়ের প্রায় দুই হাজার শিশু শিক্ষার্থীকে চারদিন বয়সী মুরগির বাচ্চা উপহার দিচ্ছে কর্তৃপক্ষ। বাচ্চাগুলোকে রোজ নিয়ম করে খাওয়াতে হবে, দেখাশোনা করতে হবে সব শিশুকেই। বাড়িতে জায়গা না থাকলে বাচ্চাটি স্কুলেও রাখতে পারবে শিক্ষার্থীরা।

ব্যানডাং কর্তৃপক্ষ এ ব্যতিক্রমী প্রকল্পের নাম দিয়েছে ‘চিকেনিসেশন’। গত সপ্তাহে শিশুদের হাতে মুরগির বাচ্চা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এ প্রকল্পের।

ছবিতে দেখা যায়, শিশু শিক্ষার্থীদের দেওয়া তুলতুলে মুরগির বাচ্চাসহ খাঁচার ওপর সুন্দর করে লেখা ‘দয়া করে আমার খেয়াল রেখো’।

ব্যানডাংয়ের মেয়র ওদেদ মুহাম্মদ দানিয়েল জানান, এটি শুধু শিশুদের স্মার্টফোন আসক্তি কমানোর জন্যই নয়, বরং শিক্ষার প্রসারে জাতীয় পরিকল্পনারই অংশ। এ থেকে শিশুরা লেখাপড়ার পাশাপাশি নিয়মানুবর্তিতাও শিখবে।

এএস