শীত যতই বাড়ছে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ততই থরে থরে সাজানো হয়েছে শীতকালীন সবজি। নতুন আলু, সিম, ফুলকপি, বাঁধাকপি, লাউ, মূলা, টমেটো, গাজর কি নেই! সব ধরনের সবজিতে বাজার এখন পরিপূর্ণ।
ব্যবসায়ীরা বলেছেন, এখন সারা বছরই প্রায় সব ধরনের সবজি পাওয়া গেলেও শীতকালীন কিছু সবজি রয়েছে। যে সবজিগুলো শীত মৌসুমে ভাল হয়। বিশেষ করে সীম, ফুলকপি, বাঁধাকপি, লাউ, মূলা, টমেটো ইত্যাদি। এছাড়া এ সময় নতুন আলু বাজারে ওঠে। ক্রেতাদের কাছে এসব সবজির আলাদা চাহিদা রয়েছে। হাতিরপুল ও নিউমার্কেটসহ কয়েকটি বাজারে সরেজমিনে দেখা যায়, শীতকালীন সবজিতে বাজার ভরে গেছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় দাম কমেছে।
গতকাল বাজারভেদে ফুলকপি, বাঁধাকপি প্রতিটি ২০ থেকে ২৫ টাকা, কাঁচাকলা ২৫ থেকে ৩০ টাকা হালি, প্রতি কেজি মূলা ১২ থেকে ১৪ টাকা, সিম ২৫ থেকে ৩০ টাকা, টমেটো ৩৫ থেকে ৪০ টাকা, বেগুন ৩০ থেকে ৪০ টাকা, কচুরমুখি ৩৫ থেকে ৪০ টাকা, নতুন আলু ১৫ থেকে ১৬ টাকা, শসা ৩৫ থেকে ৪০ টাকা, ঝিঙ্গা ও চিচিঙ্গা ৫৫ থেকে ৬০ টাকা, গাজর ৩০ থেকে ৩৫ টাকা, লাউ ৪০ থেকে ৪৫ টাকা, করলা ৪০ থেকে ৪৫ টাকা, পটল ৮০ থেকে ৯০ টাকা, পেঁপে ২০ থেকে ২২ টাকা, কাঁচামরিচ ৪০ থেকে ৪৫টাকা, দরে বিক্রি হচ্ছে।
এসব সবজি গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা জানান।
এছাড়া প্রতি কেজি দেশি পিঁয়াজ ২৬ থেকে ২৮ টাকা ও আমদানিকৃত পিঁয়াজ ২০ থেকে ২২ টাকা, রসুন ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নিউমার্কেট কাচাবাজারের বিক্রেতা আ. করিম বলেন, সবজির দাম কমার কারনে এবং রাস্তায় রাস্তায় ভ্যানেকরে সবজি বিক্রি করার কারনের আমাদের বিক্রি কমে গেছে।
হাতিরপুল বাজারের বিক্রেতা শাহজাহান বলেন, গত সপ্তাহের তুলনায় এসপ্তাহে প্রায় জিনিসের দামই কমেছে। এতে জিনিস পত্র ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। আর আমাদের বিক্রিও আগের তুলনায় বেড়েছে।
আজিমপুর কাঁচা বাজারে কথা হয় ক্রেতা মনির হোসেনের সাথে বাজরের দর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শীতের সবজির যেরকম দাম থাকা দরকার সেই তুলনায় অনেক সবজির দাম এখনও বেশি। তিনি বলেন, মনে হয় না রাজধানীতে সবজির দাম এর থেকে কমবে।
মুহা: ইলিয়াছ





