মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লোকমানপুর স্টেশন সংলগ্ন ২২৭/০ নম্বর রেল পিলারের কাছে রেললাইনে ভাঙন শনাক্ত হয়। এতে আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে অন্তত ছয়টি ট্রেন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন এসব ট্রেনের যাত্রীরা।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত পরিদর্শনের সময় লোকমানপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনে ভাঙন দেখতে পান কর্তব্যরত রেলকর্মীরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভাঙা অংশ মেরামতের কাজ শুরু করেন।

রেললাইন ভাঙার কারণে রাজশাহীর সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস ট্রেন আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে।

কর্মরত রেলওয়ের মিস্ত্রি (মেট) মোস্তাক আহমেদ বলেন, সকালে রেললাইনের ভাঙন শনাক্ত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে দ্রুত মেরামতকাজ শুরু করা হয়েছে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুদ রানা বলেন, সকাল ৬টা ৪০ মিনিটে রেললাইন ভাঙার খবর পাওয়া যায়। এরপর ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম ট্রেন চলাচল বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাঙা অংশ মেরামত না হওয়া পর্যন্ত ওই পথে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

এনএইচ